RK NEWZ সিএবির নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণ সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ, যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এজিএম-এ থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি। যা হওয়ার ছিল, তা-ই হল। স্থগিত হয়ে গেল সিএবির নির্বাচন। সচিব, যুগ্ম সচিব এবং একজন অ্যাপেক্স কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিল। বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল। কিন্তু একটিও মোননয়ন জমা পড়েনি। রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারিত দিন, অর্থাৎ ২৪ সেপ্টেম্বরই হচ্ছে। কিন্তু সেদিন কোনও নির্বাচন হবে না। জানা গেল, এজিএম-এ থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি, যাঁকে নিয়ে কয়েক দিন আগেই তৈরি হয়েছিল বিতর্ক।
সিএবির নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণ সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ, যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিয়ম অনুযায়ী, বয়স ৭০ বছর হয়ে গেলে, বা রাজ্য সংস্থা অথবা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনে ৯ বছর থাকলে কেউ নির্বাচনে লড়তে পারবেন না। কিন্তু তাঁরা সভায় প্রতিনিধিত্ব করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এই কারণে, গত জুলাইয়ে বিশেষ সাধারণ সভাতেও এই নির্বাচন হয়নি। তখন অবশ্য শুধু যুগ্ম সচিব পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সময়ে ১৫ জন জেলাশাসক ও ১০টি ক্লাব থেকে চিঠি পাঠিয়ে দাবি করা হয়েছিল, লোঢা আইন মানা হচ্ছে না। একই কারণ দেখিয়ে এবারও কয়েক জন জেলাশাসক চিঠি দিয়েছেন। এবং আরও একবার স্থগিত হয়ে গেল সিএবি নির্বাচন।
আগামী ২৩ সেপ্টেম্বর সচিব বাবলু কোলের পদের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী তার দু’মাসের মধ্যে অর্থাৎ ২৩ নভেম্বরের ভিতর নির্বাচন করতে হবে। ফলে তখন আবার বিশেষ সাধারণ সভা ডাকতে হবে। এ বার নির্বাচন না হলেও নির্ধারিত সূচি মেনে এজিএম হচ্ছে। সেখানে শালকিয়া ফ্রেন্ডস ক্লাবের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস। গত ৭ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিনই বাংলার প্রাক্তন ক্রিকেটার ও অনূর্ধ্ব ১৯ দলের কোচ সৌরাশিসকে নিয়ে বিতর্ক হয়েছিল।
সে দিন ধনধান্য প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার ঘণ্টা দু’য়েক আগে সিএবি জানিয়েছিল, সৌরাশিস কোচ নির্বাচন নিয়ে তাদের উপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। বাংলার কোচ নির্বাচন নিয়ে তাঁর আর কোনও অভিযোগ নেই। তিনি বিষয়টি বিস্তারিত ভাবে সিএবির ওম্বুডসম্যানকে জানিয়ে দিয়েছেন এবং বিষয়টি মিটে গিয়েছে। উল্লেখ্য, সৌরাশিসকে এবার বাংলার কোনও স্তরেই কোচের দায়িত্ব দেয়নি সিএবি। সিএবির অনুষ্ঠান শেষ হওয়া মাত্র সকলকে অবাক করে দিয়ে সৌরাশিস জানিয়ে দিয়েছিলেন, সিএবি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছে। বাংলার প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য ছিল, সিএবি যা বলেছে, তা প্রকৃত সত্য পরিস্থিতি তুলে ধরছে না। সৌরাশিসের বক্তব্য, তিনি কখনোই ওম্বুডসম্যান বা সিএবির কাছে কোনও অভিযোগই দায়ের করেননি। ফলে অভিযোগ প্রত্যাহার করারও কোনও প্রশ্নই ওঠে না।




