RK NEWZ রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে শুভেন্দু যে সব কাজ করেছেন তার প্রশংসা করেন রাজনাথ। তাঁকে সাধুবাদও জানান। কলকাতায় সেবা সংকল্প অভিযান নিয়ে বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on Suvendu Adhikari)। তাঁকে কার্যত পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ পর্যন্ত দিয়ে দিলেন তিনি। রাজনাথ জানান, দেশের অন্যান্য রাজ্যে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে শুভেন্দু যে সব কাজ করেছেন তার প্রশংসা করেন রাজনাথ। তাঁকে সাধুবাদও জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বেই বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ক’দিনে তাঁর কাজের চর্চা দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে। রাজনাথের কথায়, “ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।” এবার স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরমের সব কটি স্তবক গাওয়া হয়েছে। এটি বাংলার সম্মান বলে মনে করেন রাজনাথ। মোদির ২৫ বছরের প্রশাসনিক কার্যকালকে একটি শব্দে ব্যাখ্যা করেন তিনি, ‘সেবা’। তাঁর মতে, বিরোধিতা মোকাবিলা করেই উন্নয়নের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী। সেই পথেই শুভেন্দুও হাঁটবেন বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে প্রথমবার গঠিত হয়েছে বিজেপি সরকার। সরকার গঠনের পর পেরিয়েছে প্রায় ৪ মাস। আর এর মধ্যেই শুভেন্দু সরকারের কাজ নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে একাধিক পদক্ষেপ করেছেন তিনি। জনকল্যাণমূলক কাজেও মিলেছে সাফল্য। আর এবার এই নিয়ে শুভেন্দুর প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর গলায়।




