Top 5 This Week

spot_img

Related Posts

অরুণ থেকে উত্তম! জন্মশতবর্ষে শিখর-জয়ী মহানায়ক

RK NEWZ উত্তমকুমার। বাঙালির অতি উত্তম মানুষ। তাঁর নাম উচ্চারণ করতে গিয়ে আজও আমরা আনমনা হই। বাঙালির কাছে পরম আকাঙ্ক্ষিত এক পুরুষ। তিনি আটপৌরে বাঙালির জীবনে কোনও আদর্শপুরুষ নন। স্বাধীনোত্তর দেশে চিরকাল স্বপ্নভঙ্গে অভ্যস্ত বাঙালির যাবতীয় ইচ্ছাপূরণের জীবন্ত প্রতীক। স্বপ্নপুরুষের যাত্রাপথের শুরুর দিন থেকে জনপ্রিয়তার নানা বাঁক বা বাঁকবদলের কাহানি। দেশ ব্রিটিশমুক্ত হল, অথচ তিনি ‘মুক্তি’ পেলেন না। সবে দেড়-দু’বছর হয়েছে কলেজের পড়া ছেড়ে সাধারণ একটা চাকরিতে ঢুকেছেন উত্তমকুমার। অফিস করে সন্ধেবেলায় ঢুঁ মারেন থিয়েটারে, কখনও সিনেমা দেখতে চৌরঙ্গিপাড়ার সাহেবি হলে। পাশাপাশি, গানবাজনাও চলছে। চলছে ক্লাবের নাটকে অভিনয়ও। হলিউডের তারকাদের অভিনয় দেখতে দেখতেই মস্তিস্কে অনুপ্রবেশ সিনেমায় অভিনয়ের পোকার। আচমকা সুযোগও এল এক দিন। তবে যাত্রার শুরুটা মোটেই ভাল হল না উত্তমকুমারের। শুরুতেই ধাক্কা! ১৯৪৭ সালে প্রথম ছবি হিন্দি, ‘মায়াডোর’। ঘনিষ্ঠ পড়শি গণেশদা (বন্দ্যোপাধ্যায়) রেডিয়োয় নাটক করতেন। প্রযোজক ভদ্রলোকের সঙ্গে পরিচয়ের সুবাদে গণেশদা একটা রোলে সুযোগ পান ওই ছবিতে। সেটা শুনে উত্তমও নাছোড়! গণেশদার হাতেপায়ে ধরে দৈনিক পাঁচ সিকে পারিশ্রমিকে সেই ছবিতে এক্সট্রা চরিত্রে অভিনয়ের সুযোগ পান উত্তমও। বিয়ে করতে আসা এক বরের চরিত্রে। ছোট্ট রোল, তবে অজ্ঞাত কারণে ছবিটি মুক্তি পায়নি। হতাশ হলেও হাল ছাড়লেন না উত্তম। অবশেষে মুক্তি। সঙ্গী ব্যর্থতা এবং বঞ্চনাও। ১৯৪৮-এ প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃষ্টিদান’। রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে সাহিত্যিক সজনীকান্ত দাসের চিত্রনাট্য, পরিচালনায় নীতিন বসু। নায়ক নয়, পার্শ্বচরিত্র পেলেন উত্তম। নায়ক অসিতবরণের ছোটবেলার চরিত্র। বক্স অফিসে ফ্লপ করল ছবি। সেই সঙ্গে নানা বঞ্চনারও শিকার হলেন উত্তম। ছবিতে তিনি থাকলেও ক্রেডিট টাইটেল, ছবির প্রচারপুস্তিকা বা বিজ্ঞাপনে কোথাও তাঁর নাম বেরোল না। অথচ, নায়িকা সুনন্দাদেবীর ছোটবেলার চরিত্রে অভিনয় যিনি করেছিলেন, সেই কেতকী দত্তের (পরবর্তীকালে নাট্যজগতে বিখ্যাত হন) নাম ছিল সর্বত্র। একই সঙ্গে, অন্য বঞ্চনাও জুটল। এই ছবিতে অভিনয়ের জন্য ২৭ টাকা পারিশ্রমিক ধার্য হয়েছিল তাঁর। কিন্তু যিনি ছবিতে সুযোগ করে দিয়েছিলেন, তাঁকে কমিশন বাবদ অর্ধেক টাকা দিতে হয়েছিল। ফলে উত্তম হাতে পেলেন মাত্র সাড়ে তেরো টাকা। এই সবকিছু নিয়ে পরে আত্মজীবনীতে লিখেছেন উত্তম। ছবিতে অভিনয়ের আগেই পাড়ার গঙ্গোপাধ্যায় পরিবারের মেয়ে গৌরীর সঙ্গে উত্তমের সম্পর্ক তৈরি হয়। উত্তমের জেঠতুতো বোনের বান্ধবী ছিলেন গৌরী। সেই সূত্রে প্রায়ই উত্তমদের বাড়ি আসতেন তিনি। সিনেমায় আসার আগে মায়ের পাশাপাশি গৌরীরও অনুমতি চেয়েছিলেন উত্তম। গৌরী সানন্দে রাজি হয়ে যান। গন্ডগোল বাধে ‘দৃষ্টিদান’ ছবির মুক্তির পরে। ঠাকুরমার সঙ্গে ছবিটি দেখতে গিয়েছেন গৌরী। ঠাকুরমা মজা করে তাঁকে প্রশ্ন করেন, পর্দায় কাকে তাঁর পছন্দ। গৌরী সরল মনে উত্তমকে দেখিয়ে দেন। ঠাকুরমা অবাক হয়ে প্রশ্ন করেন, শেষে ওই রোগা ছেলেটাকেই তার পছন্দ? তখন কিছুটা সাহস করেই সত্যিটা ঠাকুরমাকে বলে ফেলেন গৌরী। ব্যস! সব শুনে তার পর থেকে বাড়ি থেকে গৌরীর বেরোনোই বন্ধ করে দেন বাড়ির লোকজন। কিছুদিন উত্তম-গৌরীর সাক্ষাতও বন্ধ। পরে উত্তম নিজেই গৌরীর বাবার কাছে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এই ঘটনার কথাও আত্মজীবনীতে উত্তম লিখে গিয়েছেন। ১৯৪৮ থেকে ১৯৫১ পর্যন্ত ছ’-সাতটা ছবি মোটেই দর্শকদাক্ষিণ্য পায়নি, আর নবাগত বলে সেই ব্যর্থতার দায় অনেকটা তাঁর উপরেই পড়েছিল। মোড় ঘুরল নির্মল দে-র ‘বসু পরিবার’ ছবিতে, বড়ভাইয়ের ভূমিকায় অভিনয়ের সুযোগ মিলল। পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে এই ছবি মুক্তি পেল ১৯৫২-তে। তাঁর অভিনয়ও এই প্রথম প্রশংসিত হল। একই সঙ্গে সিনেমারসিক বাঙালি পরিবারের অন্দরের আলোচনাতেও উঠে এলেন উত্তম, সেই প্রথম। ফ্লপের পর ফ্লপ। ১৯৫২ সালের ১১ এপ্রিল মুক্তি পায় ‘বসু পরিবার’। ১৯৪৭ সালে তাঁর প্রথম ছবি মুক্তিই পায়নি। সেই আফসোস পরের বছর ১৯৪৮সালে গেলেও সাফল্যের মুখই দেখেননি টানা চার বছর। ১৯৫২ সালে সেই সাফল্য কিছুটা হলেও অর্জন করলেন অভিনেতা উত্তম। কিন্তু যে মানুষটিকে স্টুডিয়োপাড়ায় দিনের পর দিন ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলে কটাক্ষ করা হত। পরিচালক নির্মল দে ছবিতে নিলেন কোন সাহসে? ইন্ডাস্ট্রিতে এ নিয়ে গুঞ্জন শুরু। উত্তমের পরিচিত লোকজনও অবাক হলেন। ঘটনা হল, উত্তমের সুযোগ পাওয়ার পিছনে অবশ্য কিছুটা তাঁর প্রতিভা। বাকিটা ভাগ্য কাজ করেছে। আনমনে গাওয়া গান। নায়কের ব্যস্ততা। পরিচালক নির্মল দে ও উত্তমকুমার দু’জনেই তখন এমপি প্রোডাকশনের অধীনে কাজ করেন। ১৯৫১ সালে ওই প্রোডাকশন হাউসের ব্যানারে শুটিং চলছে উত্তম-অভিনীত সুকুমার দাশগুপ্তের পরিচালনায় ‘সঞ্জীবনী’ ছবির। ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান ছিল ‘চাঁদের বেণু বাজবে এ বার’…। উত্তমকুমার স্টুডিয়োর এক কোণে বসে গানটা গুনগুন করে আনমনে গাইছিলেন। কাছেই ছিলেন নির্মল দে। উত্তমের গান করার সময় তাঁর মুখের অভিব্যক্তি দেখে মুগ্ধ নির্মল স্থির করলেন, ‘বসু পরিবার’ ছবিতে বড়ভাই সুখেনের চরিত্রে তাঁকেই নেবেন। তার আগে অবশ্য পরিচালক ওই চরিত্রে ভেবে রেখেছিলেন অসিতবরণকে। কিন্তু তিনি অন্য ছবিতে ব্যস্ত থাকায় ডেট দিতে পারেননি। এর পরে মুম্বইয়ের অভি ভট্টাচার্যকে প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু তিনি ঠিকানা বদল করায় চিঠি ফেরত আসে। তার পরেই উত্তমের ভাবনা মাথায় আসে পরিচালকের। মালা নারাজ। আস্থা রেখেছিলেন নির্মল দে। মান রেখেছিলেন উত্তম। ‘বসু পরিবার’-এর সাফল্য দেখে তাই পরের ছবি ‘সাড়ে চুয়াত্তর’-এ ১৯৫৩ সালে একেবারে নায়ক হিসেবেই নির্মল বেছে নিলেন উত্তমকে। যদিও এই ছবির সাফল্যের মূলে ছিল তুলসী চক্রবর্তী ও মলিনা দেবীর। রাগ-অনুরাগের অসামান্য রসায়ন ও মেসবাড়ির দুরন্ত মজা। ‘সাড়ে চুয়াত্তর’ দিয়েই শুরু হল উত্তমকুমার ও সুচিত্রা সেনের রোম্যান্টিক জুটির যাত্রা। সেটাও হয়তো হত না, যদি মালা সিংহ নায়িকার চরিত্র করতে রাজি হতেন। ভবানীপুরের বাসিন্দা মালার তখন বিভিন্ন অনুষ্ঠানে গান করে নামডাক হয়েছে। পরিচালক তাঁকেই প্রথমে নায়িকার চরিত্রটি করার জন্য প্রস্তাব দেন। শোনা যায়, সিনেমায় অভিনয়ে নাকি আপত্তি ছিল মালার পরিবারের। ডেট দিতে না পারায় নির্মল দে-কে ফিরিয়ে দিতে হয়। অগত্যা সুচিত্রাকে নেন পরিচালক। ওই বছরেই ‘সাড়ে চুয়াত্তর’-এর মুক্তির ১৩ দিন আগে মুক্তি পায় সুচিত্রার প্রথম ছবি ‘সাত নম্বর কয়েদি’। সফল ‘অগ্নিপরীক্ষা’। উত্তম-সুচিত্রা জুটি সুপারহিট। পাঁচটা ছবিতে জুটি বাঁধা হয়ে গিয়েছে। প্রায় সবগুলিই সফল। বিভূতি লাহার পরিচালনায় ‘অগ্নিপরীক্ষা’ ১৯৫৪ সালে উত্তম-সুচিত্রার ষষ্ঠ ছবি। দু’জনেরই কেরিয়ারে অভাবনীয় সাফল্য এনেছিল ছবিটি। এ ছবির প্রযোজক সংস্থার কাছে প্রথম পছন্দ ছিল বিকাশ রায় ও অনুভা গুপ্ত। শুনেই বেঁকে বসেন পরিচালক, তিনি উত্তম-সুচিত্রাকেই নেবেন। অগত্যা রাজি হলেন এমপি প্রোডাকশনের কর্ণধার মুরলীধর চট্টোপাধ্যায়। আপাদমস্তক রোম্যান্টিক এই ছবিটিতে নায়ক-নায়িকার সংলাপ এই জুটির আগের ছবির চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত বলেই রসিকেরা মনে করেন। পাশাপাশি, এই ছবিতে খোদ পরিচালক বিভূতি লাহা ও বিজয় ঘোষের ক্যামেরার কাজ খুবই প্রশংসিত হয়েছিল। ‘অগ্নিপরীক্ষা’-র জনপ্রিয়তা দেখে কয়েক বছর পরে তেলুগু ও তামিল ছবি হয়েছিল ‘মঙ্গল্যা বলাম’ ও ‘মঞ্জল মহিমাই’ নামে। ১৯৬৭ সালে উত্তমকুমার নিজের প্রযোজনায় হিন্দিতে ‘অগ্নিপরীক্ষা’ করেন ‘ছোটি সি মুলাকাত’ নামে। যদিও সেই ছবি চূড়ান্ত ব্যর্থ হয় এবং আর্থিক সমস্যায় পড়েন উত্তম।

১৯৫৫ সাল। বাংলা সিনেমায় বিপ্লব ঘটে গিয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র হাত ধরে। ও দিকে, উত্তমের খ্যাতিও ক্রমশ বাড়ছে। আরও জনপ্রিয় উত্তম-সুচিত্রা জুটি। সেই বছরেই মুক্তি পেল সুধীর মুখোপাধ্যায়ের ‘শাপমোচন’। প্রিয় জুটির পাশাপাশি গল্পে তো বটেই, গানে ও সুরেও দর্শকমন ভিজিয়ে দিয়েছিল এই ছবি। সুর ও কণ্ঠের সেই কারিগর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ‘শোনো, বন্ধু শোনো’, ‘ঝড় উঠেছে বাউল বাতাস’, ‘বসে আছি পথ চেয়ে’— নায়ক উত্তমের লিপে হেমন্তের হৃদয় নিংড়ানো সুরেলা কণ্ঠের এই সব গান সেদিন জন্ম দিয়েছিল উত্তম-হেমন্ত নামক প্রায় কিংবদন্তী এক জুটিরও। শোনা যায়, পরিচালক প্রথমে সঙ্গীত পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন শচীন দেববর্মণকে। সময় দিতে পারেননি শচীন। ফলে বম্বে থেকে ডাক পড়ে হেমন্তের। তৈরি হল ইতিহাস। যদিও এর আগে ‘সহযাত্রী’ ছবিতে উত্তমের লিপে গান করেন হেমন্ত। কিন্তু সেই ছবি ফ্লপ হয়, প্রিন্টও পাওয়া যায় না। সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ১৯৬২ সালে বাংলায় প্রথম রঙিন ছবি বলেই অনেকে জানেন। কিন্তু তারও পাঁচ বছর আগে অগ্রদূতের পরিচালনায় উত্তম-সুচিত্রা অভিনীত ‘পথে হল দেরী’ ১৯৫৭ সালে ছবিটি রঙিন ফিল্মে গেভাকালার পদ্ধতিতে শুট করা হয়। রঙিন ফিল্মে শুট হবে বলে সুচিত্রাকে নাকি ২৭ বার শাড়ি বদল করতে হয়েছিল বিভিন্ন দৃশ্যের জন্য। পরবর্তীকালে যথাযথ সংরক্ষণের অভাবে রঙিন প্রিন্টটি নষ্ট হয়ে যায়। সাদা-কালো প্রিন্টটিই রক্ষিত আছে বর্তমানে। সেই অর্থে ‘পথে হল দেরী’ই প্রথম রঙিন বাংলা ছবি। আর সত্যজিতের কাঞ্চনজঙ্ঘা দ্বিতীয় রঙিন ছবি, শুট করা হয়েছিল ইস্টম্যানকালারে। উত্তমকুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন মেট্রো সিনেমা হলের চিফ প্রজেকশন অপারেটর। তাই উত্তম প্রায়ই চলে যেতেন ছবি দেখতে। পয়সা লাগত না। শোনা যায়, মার্লিন ব্র্যান্ডো ছিলেন উত্তমের স্বপ্নের অভিনেতা। প্রায়ই তাঁকে নকল করতেন। ইচ্ছা ছিল, এই মাপের অভিনেতার মতো অভিনয় করার। বলা যায়, অল্পবয়সে বিদেশি ছবি দেখার অভ্যাস উত্তমের তৈরি হয়েছিল বাবার দৌলতেই। সাবেক চৌরঙ্গিপাড়ায় প্রায় সব হলেই ইংরেজি ছবির রমরমা। ওই হলেই মজার এক ঘটনা ঘটে গেল ১৯৫৭ সালে। উত্তম তখন প্রতিষ্ঠিত নায়ক, অনেক হিট ছবিই তাঁর ঝুলিতে। ওই বছরই মেট্রো এতদিনের নিয়ম ভেঙে প্রথম বাংলা ছবি দেখায়। ছবিটি ছিল উত্তম-সুচিত্রা জুটির ‘চন্দ্রনাথ’। টানা সাত সপ্তাহ চলেছিল ছবিটি। একে তো মেট্রোর ‘শুধু ইংরেজি সিনেমা’ দেখানোর রীতি ভেঙে দিল কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘চন্দ্রনাথ’। ছেলের ছবির রিল ঘোরাতে ঘোরাতে পর্দায় ছেলের অভিনয়ে মুগ্ধ হতেন তাঁর বাবা সাতকড়ি। তাঁর চোখে কি আনন্দাশ্রু নামত? এই ছেলেকেই তো দশ বছর আগে ইন্ডাস্ট্রির লোকজন ‘তোমার কিছু হবে না’, ‘ফ্লপ মাস্টার’ বলে কটাক্ষ করেছিল। সেই ছেলেরই ছবি চলছে সাহেবপাড়ার হলে, তাঁরই হাতে! পিতা-পুত্র সে দিন ইতিহাস রচনা করলেন। জনপ্রিয়তার এমনই অমোঘ টান যে, শহর ও মফস্‌সলের তথাকথিত বাঙালি মধ্যবিত্ত ভাবনায় গড়ে তোলা, ইচ্ছাপূরণের সেই স্বপ্নপুরুষ উত্তমকে জায়গা ছাড়তে বাধ্য হয়েছিল চৌরঙ্গিপাড়া। ওই বছরেই লাইটহাউসে মুক্তি পায় ‘পথে হল দেরী’, তার আগের বছর নিউ এম্পায়ারে মুক্তি পায় ‘চিরকুমার সভা’। ওই দুটি হলেও এর আগে শুধু ইংরেজি ছবিই চলত।

১৯৬১ সালে এল অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা জুটির ‘সপ্তপদী’। রাতারাতি সুপারহিট! উত্তম-সুচিত্রাকে যে এমন দুঃসাহসিক ও বন্ধনহীন প্রেমের গল্পে এর আগে দেখেনি বাঙালি দর্শক! এই জুটি তো বটেই, বাংলা সিনেমাতেও ভালবাসার গল্প বলার এমন আধুনিক নির্মাণ ও বয়ান এই প্রথম। রসিকজনেরা বলে থাকেন, এটাই নাকি এই জুটির সেরা ছবি। বাঙালি যে এ ভাবে দুই ভিন্‌ধর্মের প্রেম এত আদর করে কাছে টেনে নেবে, তা প্রথমে বোঝা যায়নি। শোনা যায়, ছবির শেষটা ছিল এ রকম, চার্চের ফাদাররূপী কৃষ্ণেন্দু (উত্তম) কুষ্ঠরোগে আক্রান্ত। কিন্তু এই ক্লাইম্যাক্স পছন্দ হয়নি রিনারূপী সুচিত্রার। পরিচালককে তিনি জানান, এমনটা হলে দর্শক নেবে না। এর পরে দৃশ্য বদলের প্রস্তাব যায় লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিও রাজি হননি। পরে উত্তমের ভাই তরুণকুমার তাঁকে গিয়ে ধীরেসুস্থে বোঝান। নরম হন লেখক। রিনা-কৃষ্ণেন্দুর মিলনেই শেষ হয় ছবি। তবে সবটাই নাকি হয়েছিল উত্তমের অগোচরে। ‘সপ্তপদী’র প্রস্তুতির শুরুতে অন্য ধাক্কা! তখন উত্তম-সুচিত্রা জুটি মধ্যগগনে। তাঁদের এই শিখরছোঁয়া সাফল্য ইন্ডাস্ট্রির অনেকেরই ঈর্ষার কারণ ছিল। শোনা যায়, এই জুটি আবার সফল হবে, এটা মানতে না পেরে ইন্ডাস্ট্রিরই কেউ কেউ গুজব ছড়িয়ে জুটির ভাবমূর্তিতে আঘাত করতে শুরু করে। এমনকি, খোদ সুচিত্রার কাছে গোপনে লোক পাঠানো হয় ‘সপ্তপদী’তে অভিনয় না করার জন্য প্রস্তাব দিতে। তাঁকে এ-ও বলা হয়েছিল, এই ছবিতে নায়কের চরিত্রের সামনে ঢাকা পড়ে যাবে নায়িকার চরিত্র। পাশাপাশি, এমন অজুহাতও দেখানো হয়, গল্পে এক ব্রাহ্মণ নায়কের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী রিনা ব্রাউনের প্রেম কিছুতেই গ্রহণ করবে না বাঙালি দর্শক। কিন্তু সুচিত্রা নাকি ওই সতর্কবাণীতে কান দেননি। আর গল্পের দুই ভিন্‌ধর্মের প্রেমগাথায় সেদিন মজেছিল বাঙালি, আজও তা-ই।

‘অগ্নিপরীক্ষা’য় ১৯৫৪ সালে প্রথম সুপারহিট হয়েছিল উত্তম-সুচিত্রা জুটি। সেই সাফল্যে ভর করেই নাকি এক যুগ পরে এর হিন্দি সংস্করণ ‘ছোটি সি মুলাকাত’ করতে প্রচুর টাকা ঢালেন। সুচিত্রার বদলে এলেন বৈজয়ন্তীমালা, পরিচালনায় অগ্রদূতের বদলে আলো সরকার। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। বিশাল আর্থিক বোঝা চাপে তাঁর প্রযোজক উত্তমের ঘাড়ে। অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর থেকে সেই ঋণের বোঝা থেকে উদ্ধার পেতে একের পর এক মধ্য ও নিম্নমানের ছবিতে অভিনয় করতে শুরু করেন উত্তম। তাঁর সমসাময়িকদের অনেকেই বলেন, বলিউডে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল উত্তমের। বিশেষ করে, তাঁর দুর্বল হিন্দি উচ্চারণের জেরে, বাঙালি গল্পের সঙ্গে অবাঙালি দর্শকের মেলবন্ধন না হওয়ায় ছবিটি ব্যর্থ হয়। তবে অনেকেই আবার উত্তমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। বলিউডে ‘ছোটি সি মুলাকাত’-এর কাজেই প্রচণ্ড ব্যস্ত থাকায় সত্যজিতের ‘চিড়িয়াখানা’ ১৯৬৭ সালে ছবির জন্য সময় দিতে পারছিলেন না উত্তম। ‘নায়ক’ করার সময়েই ‘চিড়িয়াখানা’র প্রাথমিক পরিকল্পনা হয়। শোনা যায়, ছবিটি পরিচালনা করার কথা প্রথমে ভেবেছিলেন সত্যজিতের সহকারী পরিচালক রমেশ সেন ওরফে পুনু সেন, দুলাল দত্ত, অমিয় সান্যালেরা মিলে। চিত্রনাট্য লিখে দেবেন, বলেছিলেন সত্যজিৎ। ব্যোমকেশ করবেন উত্তম। কম পারিশ্রমিকে তাঁকে রাজিও করে ফেলেছিলেন রমেশ সেন। শেষ পর্যন্ত প্রযোজকের শর্তে সত্যজিৎকেই পরিচালনার দায়িত্ব নিতে হয়। কিন্তু সব কিছু ঠিক হওয়ার পরে একের পর এক ডেট দিয়েও কলকাতা ফিরতে পারছিলেন না উত্তম। সত্যজিৎ নাকি রেগেও গিয়েছিলেন। শেষে যেদিন এলেন, শুটিং সেটেই অসুস্থ উত্তম হৃদ্‌রোগে আক্রান্ত হলেন।

উত্তমকুমারের একের পর এক ছবিতে তাঁর লিপে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র বা কিশোরকুমারের গানে আজও মুগ্ধ বাঙালি। উত্তম নিজেও ছিলেন গানপাগল। প্রথম জীবনে গান শিখতেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এ ছাড়া, উত্তমেরই বন্ধু চিকিৎসক লালমোহন মুখোপাধ্যায়ের লেখায় পাওয়া যায় যে, দেশ স্বাধীন হওয়ার আগে কলকাতায় সাম্প্রদায়িক সংঘর্ষের সময়ে নিজের লেখা গানে নিজে সুর দিয়ে রাস্তায় গাইতেন উত্তম। ব্রিটিশবিরোধী সেই গানের কথায় ছিল সম্প্রীতির সুরও। বেসরকারি হাসপাতালে উত্তমের শেষশয্যায় তাঁর চিকিৎসা যাঁরা করেছিলেন, তাঁদের অন্যতম ছিলেন ওই এই লালমোহন মুখোপাধ্যায়। তিনি সৌমিত্র অভিনীত ‘কাঁচ কাটা হীরে’ ও উত্তম অভিনীত ‘সাবরমতী’ ছবিতে অভিনয়ও করেছিলেন। ছবিতে নিজে গান করতে চেয়েছিলেন উত্তমকুমার? তাঁর ঘনিষ্ঠেরা অনেকেই বলেছেন, উত্তমের গানের গলা খুবই মিষ্টি ছিল। শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, অথচ ভাল গাইবেন না, সেটা কি হয়! তাই হয়তো সিনেমাতেও গাওয়ার একটা সুপ্ত ইচ্ছা ছিল তাঁর। অন্তত, তেমনই ইঙ্গিত মেলে তাঁর নিজের লেখায়। তাঁর লেখা ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’ বইয়ে এক জায়গায় তিনি এটা নিয়ে আফসোসও করেছেন। তাঁর বক্তব্য, তিনি সিনেমায় এলেও তাঁকে দিয়ে যে গান গাওয়ানো হবে না কোনও দিন, তা কি তিনি ভেবেছিলেন? তার বদলে অন্যের গাওয়া গান তাঁর লিপে শুনবে দর্শক! বোঝাই যায় তাঁর যন্ত্রণা। তবে মাঝেমধ্যে দু’-একটা নাটকে, জলসায় গান গেয়েছেন উত্তম। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে’ গানটি তিনি নিজে গেয়েছেন। সেই গানের ‘অডিয়ো’ সমাজমাধ্যমে খুঁজলে আজও পাওয়া যায়। উত্তমকুমারের কেরিয়ার লক্ষ করলে দেখা যায়, যে ‘সাড়ে চুয়াত্তর’ দিয়ে সুচিত্রার সঙ্গে জুটি তৈরি হয়েছিল, সেটাই তাঁর সাফল্যকে মসৃণ গতিতে প্রায় এক দশক ধরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। ‘সপ্তপদী’র পরের বছর, ১৯৬২ সালে ‘বিপাশা’র বিপুল সাফল্যের পরেই সেই গতিতে সাময়িক ছেদ পড়ে। এর পর প্রায় পাঁচ বছর উত্তমের আর কোনও ছবি নেই সুচিত্রার সঙ্গে। ১৯৬২ থেকে উত্তমের পারিবারিক সমস্যারও শুরু। ১৯৬৭ সালে ফের সুচিত্রার সঙ্গে ‘গৃহদাহ’। এর মাঝের পাঁচ বছরে গোটা ২৫ ছবি করেছেন অন্য নায়িকাদের সঙ্গে, অনেক ছবি হিট হয়েছে। দর্শকও নিয়েছে। তার পরে ১৯৭৫ পর্যন্ত সুচিত্রার সঙ্গে সাকুল্যে গোটা ছয়েক ছবি করলেন। তার মধ্যে হিট মাত্র দু’-তিনটি। জুটির শেষ ছবি ‘প্রিয়বান্ধবী’ চূড়ান্ত ফ্লপ। উত্তমের কেরিয়ারের শেষের দিকের ছবি ‘অগ্নীশ্বর’ (১৯৭৫)। ছবিতে চিকিৎসকের চরিত্রে তাঁর অভিনয়ের দাপট বাঙালি চিরকাল মনে রাখবে। ছবির পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, কাহিনিকার তাঁর সাহিত্যিক দাদা ‘বনফুল’ বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরিচালকের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর বাবার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। নিউ থিয়েটার্স স্টুডিয়োয় একটা শো-এর ব্যবস্থা করা হয়েছিল ছবিটির। অভিজিতের বড়জেঠু অর্থাৎ, বনফুল দেখবেন ছবিটা। তিনি দেখবেন বলে উত্তমকুমারও হাজির শো-তে। শো শুরু হল। ছবিটি যতক্ষণ দেখানো হল, সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলেন উত্তম। শেষে দুরু দুরু বুকে এসে দাঁড়ালেন বনফুলের সামনে। পাশেই দাঁড়িয়ে পরিচালক অরবিন্দ। উত্তমকুমার কিন্তু কিন্তু করছেন দেখে অরবিন্দই বললেন, ‘‘উত্তম কেমন করেছে বলবে তো!’’ এর পরে হাসিমুখে উত্তমকুমারের কাঁধে হাত রেখে কাহিনিকার বনফুল বললেন, ‘‘অপূর্ব! অগ্নীশ্বরের ব্যক্তিত্বকে তুমি সুন্দর ফুটিয়েছ।’’

উত্তমকুমারের কেরিয়ারে যত তিক্ত সময় এসেছে, তার মধ্যে অন্যতম হল বিখ্যাত পরিচালকের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়া। অথচ, সেই পরিচালক তপন সিংহের সঙ্গে একসময় খুবই বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁর। তপনের পরিচালনায় ‘উপহার’ (১৯৫৫), ‘ঝিন্দের বন্দি’ (১৯৬১), ‘আমাদের দেশ’ (১৯৬২) ও ‘জতুগৃহ’ (১৯৬৪) করেছেন উত্তম। এমনকি, ‘জতুগৃহ’ প্রযোজনা করেছিলেন উত্তম নিজেই, নায়িকা হয়েছিলেন তপন-জায়া অরুন্ধতীদেবী। সেই তপনবাবুর সঙ্গেই ‘বাঞ্ছারামের বাগান’ (১৯৮০) ছবি ঘিরে আইনি জটে জড়ালেন। উত্তমকুমার মুম্বইয়ে একটি হিন্দি ছবির শুটিংয়ে। এ দিকে, তপন ‘বাঞ্ছারামের বাগান’-এ ডবল রোলের জন্য উত্তমকে প্রস্তাব দিলেন। শুটিংয়ের লোকেশন বাছা হল বারুইপুরের এক বাগানে, শীতের সময়। সেখানে কয়েকটি দৃশ্যের প্রয়োজনে সর্ষের খেত ও সব্জির বাগান করা হয়েছে। উত্তম জানালেন, মার্চের আগে সময় দিতে পারবেন না। মাথায় হাত পরিচালকের। দেরি হলে বাগান শুকিয়ে যাবে। বাধ্য হয়ে সেই রোল দেওয়া হল দীপঙ্কর দে-কে। এটা শুনে তপনবাবুর বিরুদ্ধে মামলা ঠুকলেন উত্তম। হেরে গেলেন উত্তমই। পরে আর কোনও ছবিতে উত্তমকে নেওয়ার কথা ভাবেননি তপন। উত্তমের তখন একের পর এক ছবি চলছে না। ভাল ছবি করার জন্য উদ্‌গ্রীব। অনেকেই মনে করেন, ওই পরিস্থিতিতে নামী পরিচালকের সঙ্গে দ্বৈরথের জেরে ক্ষতিই হয়েছিল উত্তমের। রুপোলি জগতের শীর্ষে থেকেও সাধারণ মানুষের কথা ভুলতেন না উত্তমকুমার। মাধবী মুখোপাধ্যায় আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘খরা বা বন্যার সময়ে দেখেছি, শিল্পীদের নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করে অর্থ সংগ্রহ করেছেন উত্তমকুমার। সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অবলীলায় দান করেছেন। মুখ্যমন্ত্রীর দল বিচার তিনি কখনও করেননি। ১৯৭৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলার ত্রাণের জন্য ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের শিল্পীদের সঙ্গে চ্যারিটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সেখানেও ছিলেন উত্তমকুমার। যে টাকা উঠেছিল, তা তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে তুলে দিয়েছিলেন।’’ এই সাক্ষাৎকারেই মাধবী অভিযোগ করেছিলেন, এমন নির্বিরোধী একটি মানুষ মারা যাওয়ার পরে তাঁর মরদেহ রবীন্দ্রসদনে রাখার অনুমতি দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles