RK NEWZ বিশ্বদাবার মঞ্চে ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর জিতলেন আর প্রজ্ঞানন্দ। গতবারের চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এই নজির গড়লেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার। অবিশ্বাস্য জয় বিশ্ব দাবার আঙিনায় রীতিমতো সাড়া ফেলেছে। ক্লাসিক্যাল গেমের পর ৩-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ। ফাইনালে কারুয়ানার থেকে ছ’পয়েন্ট পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত তলানিতে ঠেকেছিল। কিন্তু সেন্ট লুইসে অসম্ভবকে সম্ভব করলেন। টানা দু’টি র্যাপিড গেম জিতে ১১-৯ ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রথম ব্লিটজ গেম ড্র হয়। দ্বিতীয়টিতে কারুয়ানা জিতলে স্কোর দাঁড়ায় ১২-১২। স্নায়ুর চরম চাপ। কিন্তু তৃতীয় ব্লিটজ গেমে ফের জয় ছিনিয়ে নেন ভারতীয় তারকা। শেষ গেমে জেতার সুযোগ থাকলেও ‘থ্রিফোল্ড রিপিটেশন’-এর মাধ্যমে ড্র করেই কাঙ্ক্ষিত ট্রফি নিশ্চিত করেন প্রজ্ঞানন্দ। সব মিলিয়ে ছ’টি গেমের মধ্যে প্রজ্ঞানন্দ তিনটি জেতেন, দু’টি ড্র করেন এবং মাত্র একটিতে হারেন। জয়ের পর নিজের বিস্ময় গোপন করেননি প্রজ্ঞানন্দ, তিনি বলেন, ‘সত্যি বলতে, আজ আমার জেতার খুব একটা সুযোগ আছে বলে মনে করিনি। ছ’পয়েন্টে পিছিয়ে থাকা মানে অনেকটা ব্যবধান। এই অবস্থায় জিততে হলে ঠিক যেটা আমি করেছি, সেটাই করতে হত। ফাবির বিরুদ্ধে রোজ একটা করে জয় পাওয়া যায় না। সেখানে র্যাপিডে দুটো গেম জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। গত বছরের তুলনায় আমার র্যাপিড ও ব্লিটজ গেমে অনেক উন্নতি হয়েছে। এই ফরম্যাটে এটাই আমার সবচেয়ে বড় অগ্রগতি। ক্যান্ডিডেটস জিতলে ভাল লাগত ঠিকই। এই টুর্নামেন্ট জেতাও দারুণ একটা ব্যাপার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই এই টুর্নামেন্টের স্থান। এই স্তরের প্রতিযোগিতায় জিততে গেলে অনেক মানসিক দৃঢ়তা লাগে। আমি শেষ পর্যন্ত লড়ে যেতে পেরে খুশি।’ বছরের শুরুটা প্রজ্ঞানন্দের জন্য ভাল হয়নি। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে দ্বিতীয়বার নেমেই ব্যর্থ। কিন্তু এরপর স্বপ্নের ফর্মে ফেরেন। নরওয়ে চেসে ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়ে শিরোপা জয়। জেতেন সেন্ট লুইস র্যাপিড ও ব্লিটজ খেতাবও। সিঙ্কফিল্ড কাপেও যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেন। মেগা জয়ের সুবাদে প্রজ্ঞানন্দের পকেটে ঢুকল ২ লক্ষ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা। পাশাপাশি ২০২৭ সালের ট্যুরে নিজের জায়গাও পাকা করে ফেললেন তিনি। সেন্ট লুইস ও সিঙ্কফিল্ড কাপ মিলিয়ে এই বছর মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৫৪ ডলার প্রায় ৩.৪ কোটি টাকা প্রাইজমানি জিতেছেন। টানা একমাস দাবার বোর্ডে মগ্ন থাকার পর প্রজ্ঞার পরবর্তী লক্ষ্য এখন দাবা অলিম্পিয়াড। ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে খেতাব ধরে রাখার লড়াইয়ে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা প্রজ্ঞানন্দ।




