RK NEWZ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই পাচ্ছেন না। অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী ১৭ অগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাইপ্রক্রিয়ায় যাঁদের আবেদনপত্রে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই কেবল ১৭ আগস্ট টাকা পাবেন। ১০ জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারেও জানিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা। যাচাইপ্রক্রিয়া প্রায় শেষের পথে। যাঁদের আবেদনে কোনও ত্রুটি নেই, তাঁরা টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘৩১ জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি। প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে। তা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ আগস্ট দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন, কারা পাবেন না— বিশদে বলব সেখানে।’’ শুভেন্দু জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া ১৭ অগস্টের মধ্যে শেষ করা যাবে। তাই ১৭ তারিখ তাঁরা টাকা পেয়ে যাবেন। কিন্তু ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের টাকা দিতে আরও সময় লাগবে। কারণ, তাঁদের আবেদনের যাচাইপ্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ হবে না। শুভেন্দুর কথায়, ‘‘আমরা এই মাসের ১৭ অগস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠাব। কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ মানদণ্ড আগামী ১০ তারিখ সাংবাদিক বৈঠক করে আমরা বলে দেব। ১৭ তারিখ অ্যাকাউন্টে অর্থ যাবে। বিজেপির সঙ্কল্পপত্র মেনে, সব নিয়ম মেনে এই টাকা দেওয়া হবে। একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয়, সেটা মানা হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা টাকা পাবেন।’’
শুধু এই মাসের জন্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে ১৭ তারিখ হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। বিজেপি সরকার যত দিন ক্ষমতায় থাকবে, টাকা পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, মনে করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন। তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। শুভেন্দুর কথায়, ‘‘জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা নজর রাখছি। যোগ্যরা নিশ্চয়ই টাকা পাবেন। যাঁরা ভুয়ো পোস্ট করছেন, তাঁদের কেউ বিজেপি-কে ভোট দেননি। বিজেপি এই রাজ্যে আগামী ১০০ বছর ক্ষমতায় থাকবে।’’ নুর আলম, মেহবুব নামের দু’জনের কথা আলাদা করে উল্লেখ করেন শুভেন্দু। অভিযোগ, তাঁরা মহিলাদের দিয়ে কথা বলিয়ে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে অনিয়মের হিসাব দেন শুভেন্দু। জানান, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর আওতায় ১.৫২ কোটি মানুষকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। তার পর কয়েক মাস টাকা দেওয়া বন্ধ ছিল। ২০২২ সালের এপ্রিলে মাসে ফের টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারি ও মার্চের টাকা এক বারে দেওয়া হয় ২১.৮৪ লক্ষ জনকে। এর পর আবার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে, জুন মাসের টাকা এক বারে দেওয়া হয় জুলাইতে, ৩.৭৭ লক্ষ জনকে। শুভেন্দুর কথায়, ‘‘এই সমস্ত হিসাব আমাদের হাতে আছে। আমরা এ ভাবে কাজ করি না। এটা সরকারি টাকা। জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন এবং অফলাইন মাধ্যমে আমরা আবেদন নিয়েছি। অফলাইনের আবেদনগুলি পোর্টালে আপলোড করা হচ্ছে। যাচাই চলছে।’’




