RK NEWZ ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা। তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তির হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলেই ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। তবে এখনও পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রথম দফায় আজ বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। ভোট চলছে মুর্শিদাবাদের একাধিক আসনে। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিন্তু ভোটের আগে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিশেষ করে নওদা বিধানসভার শিবনগর এলাকা বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে এই বোমাবাজি করা হয় । তাৎপর্যপূর্ণভাবে শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটে। রাতের অন্ধকারে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা। রাতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল সাংসদ আবু তাহের খান। তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তবে সুস্থ রয়েছেন তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। যদিও এই ঘটনার সঙ্গে আমজনতা পার্টির কোনও যোগ নেই বলে পালটা দাবি হুমায়ুন কবিরের। বলে রাখা প্রয়োজন, বুধবার ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন স্থানীয় দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শিলিগুড়িতে ১৭৩ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের বুথে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। পরে তিনি বলেন, “গতকালের রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের শিলিগুড়ি বিধানসভা বা তার পার্শ্ববর্তী বিধানসভা এলাকায় নিয়োগ করা হলেও তাদের আলিপুরদুয়ার রাতারাতি পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে জুমলাবাজি শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।” মুর্শিদাবাদের ডোমকলে ২১৭ নম্বর বুথের সামনে জটলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে। সিপিএম সমর্থকদের বাড়িতে ‘আটকে রাখার’ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন। খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিক ভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে।

প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।” শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথেও ইভিএম-এ ত্রুটির অভিযোগ উঠে আসছে।





