Top 5 This Week

spot_img

Related Posts

উশুতে জোড়া পদকের হাতছানি!‌ ক্রিকেটের পর আবার সোনার অপেক্ষায় ভারত!

ঝুলিতে ছ’টি পদক। রং রুপোলি আর ব্রোঞ্জ। এশিয়ান গেমসের তৃতীয় দিনে তাই ভারতের পাখির চোখ সোনায়। বড় বাজি ক্রিকেট। যেখানে মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। যদিও আজ দিনের শুরুতেই শুটিং ও ব্যাডমিন্টন কোর্ট থেকে এসেছে জোড়া হতাশা।

শুটিংয়ে ফস্কাল পোডিয়াম

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া ভারতের। যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্স এলাভেনিল ভালারিভান ও পার্থ মানের। চিনের বিশ্বরেকর্ডের ঠিক পিছনেই দ্বিতীয় স্থানে শেষ করেন তাঁরা। কিন্তু ফাইনালে গিয়ে স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ ভারতীয় জুটি। ৩৭৬.৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে খালি হাতে ফিরলেন এলাভেনিলরা। এই ইভেন্টের ফাইনালে ভিয়েতনাম বাতিল হওয়ায় নাটকীয়ভাবে সুযোগ পেয়ে যায় জাপান।

ব্যাডমিন্টনে আত্মসমর্পণ

ব্যাডমিন্টন কোর্টেও ভাগ্য সুপ্রসন্ন নয়। মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানের কাছে ১-৩ ব্যবধানে হেরে বিদায় নিল ভারত। প্রথম সিঙ্গলসে আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেম ২৩-২১ স্কোরে জিতেছিলেন পিভি সিন্ধু। তবে পরের দুই গেমে শারীরিক ক্লান্তির কাছে হার মানেন (১৮-২১, ১১-২১)। দ্বিতীয় সিঙ্গলসে উন্নতি হুডাও পরাস্ত হন। তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ডাবলস জিতে আশা জাগালেও, শেষ সিঙ্গলসে তানভি শর্মা ১২-২১, ১০-২১ ব্যবধানে হারতেই ভারতের দৌড় শেষ।

কবাডি, বক্সিং ও টেবল টেনিসে দাপট

হতাশার মধ্যে বেশ কিছু ইভেন্ট থেকে এসেছে সুখবর। পুরুষদের কবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ পয়েন্টের বিশাল ব্যবধানে চূর্ণ করেছে ভারত। বক্সিংয়ে মহিলাদের ৫১ কেজি বিভাগে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী আইরা ভিলেগাসকে ৫-০ ব্যবধানে একতরফা হারিয়েছেন সাক্ষী চৌধুরি। টেবল টেনিসের মহিলাদের দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়। জোড়া ম্যাচের একটির অন্যতম কারিগর সৃজা আকুলা। পাশাপাশি একটি ম্যাচ জেতেন যশস্বিনী ঘোরপড়ে। উশুতে পদকের দোরগোড়ায় দাঁড়িয়ে রোশিবিনা দেবী ও আর্যন।

ক্যারাটে ও অন্যান্য ইভেন্ট

কারাতে থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে। পুরুষদের ৮৪ কেজি কুমিতের ব্রোঞ্জ মেডেল ম্যাচে চাইনিজ তাইপেইয়ের চুং মেং-ইয়ুর বিরুদ্ধে ১-১ ড্র করেও ‘সেনশু’ নিয়মে পদক ফস্কান চেতন ভাট (Sports News)। মহিলাদের ৫৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন এশীয় চ্যাম্পিয়ন আলিশা চৌধুরি। সফট টেনিসের পুরুষদের সিঙ্গলসে বিজয়ী আর্যন ঠাকুর ও জয় মিনা। তবে মেয়েদের সিঙ্গলসে হার মানেন আরাধ্যা তিওয়ারি। সাঁতারে ১৫০০ মিটার ফ্রিস্টাইলের ‘বি’ ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছেন আর্যন নেহরা। অন্যদিকে পুরুষদের ৪x১০০ মিটার মেডলে রিলেতে সপ্তম হয়ে ফাইনালে উঠেছে ভারতের চার সদস্যের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles