RK NEWZ সাদা ভাতের বেশির ভাগটাই কার্বোহাইড্রেট। ভাতের পুষ্টিগুণ বৃদ্ধিতে শিখে নিন সহজ এবং বাস্তবসম্মত কৌশল। সাদা ভাতের সিংহভাগই কার্বোহাইড্রেট। অন্যান্য পুষ্টিগুণ মেলে নামমাত্র। কিন্তু সেই ভাতেই যদি জুড়ে দেওয়া যায় প্রোটিন এবং ফাইবার— তা-ও একটি মাত্র উপকরণে? মুম্বই নিবাসী পুষ্টিবিদ দীপশিখা জৈন বলছেন, চাল সেদ্ধ করার সময়ে মিশিয়ে নিন এক মুঠো কড়াইশুঁটি। তাতেই বাড়বে স্বাদ। জুড়বে প্রোটিন এবং ফাইবারও। পুষ্টিবিদ বলছেন, এক কাপ কড়াইশুঁটি থেকে মিলতে পারে ১০ গ্রাম প্রোটিন এবং ৬ গ্রাম ফাইবার। প্রোটিন যেমন স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তেমনই ফাইবার পেটের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য রাখে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও তা জরুরি।
বেঙ্গালুরু নিবাসী পুষ্টিবিদ এডউইনা রাজ জানাচ্ছেন, খাবারের পুষ্টিগুণ বৃদ্ধির এটি খুব সহজ এবং বাস্তবসম্মত কৌশল। কড়াইশুঁটি পেটের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে। কড়াইশুঁটিতে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ভিটামিন কে, পটাশিয়াম, আয়রনের মতো ভিটামিন এবং খনিজ। খুব সহজেই ভাতের পুষ্টিগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এক মুঠো বা এক কাপ কড়াইশুঁটি। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি পেট পরিষ্কারেও সাহায্য করে। ফোলেট লোহিত রক্তকণিকার সংখ্যাবৃদ্ধিতে সাহায্য করে। রক্তাল্পতা দূর করার জন্য তা জরুরি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আবশ্যক।
তবে পুষ্টিবিদেরা বলছেন, শুধু পিজ় রাইস বা কড়াইশুঁটি-ভাত নয়, সঙ্গে খাওয়া দরকার মাছ, মাংস, ডিম বা পনির, টোফুর মতো খাবার। তরকারি দিয়ে খেলেও বাড়তি ফাইবার, ভিটামিন এবং খনিজ জুড়বে এতে। সঙ্গে রাখা প্রয়োজন স্যালাডও। তা ছাড়া, পিজ় পোলাও বা পিস রাইস তৈরির সময় স্বাদের জন্য ঘি, গরমমশলা বা নুন ব্যবহার করলে, তা যেন হয় পরিমিত পরিমাণে। না হলে ক্যালোরির মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে।




