Top 5 This Week

spot_img

Related Posts

ফের বাড়ল গ্যাসের দাম!‌ পুজোর আগেই হেঁশেলে আগুন!

RK NEWZ উৎসবের মরশুমে ফের আগুন লাগল হেঁশেলে। দুর্গাপুজোর বাকি আর ৪৬ দিন। তার আগেই বাড়ল গ্যাসের দাম। মঙ্গলবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। উল্লেখ্য, গত দু’মাস ধরে কমেছিল গ্যাসের দাম। কিন্তু উৎসবের মরশুমে আবারও মহার্ঘ হল জ্বালনি। মাস পয়লায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। পরে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৫ টাকা কমেছিল। সেই নিরিখে মূল্যবৃদ্ধির হার বেশ কম। দেশের প্রত্যেক শহরে সিলিন্ডার পিছু সাড়ে ৯টাকা করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মঙ্গলবার দাম বাড়ার পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। দিল্লিতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা। উল্লেখ্য, মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। ইরান সংকটের জেরে বেশ কয়েক মাস লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ বেড়েছিল। উৎসবের মরশুমে আমজনতার হোটেল-রেস্তরাঁয় খাওয়ার প্রবণতা অনেকটাই বাড়ে। তাই হোটেলে খাবারের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর এই দাম নির্ভর করে। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। মাঝে হরমুজ প্রণালী বন্ধ থাকায় লাগাতার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছিল। তবে ভারত এখন হরমুজ নির্ভরতা কমিয়েছে। ভারত অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য করছে। তবে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। সেকারণেই সম্ভবত সেপ্টেম্বর মাসে বাড়ল গ্যাসের দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles