RK NEWZ ঘোর সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। ফিফা ক্রমতালিকায় ১৩৮ নম্বরে ভারত, সঙ্কটে আইএসএল-ও। এই ডামাডোলের মাঝে কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে ভারতীয় ফুটবলের স্বার্থে ঐক্যের ডাক দিলেন সুনীল ছেত্রী।ভারতীয় ফুটবল এই মুহূর্তে ঘোর সঙ্কটে। ফিফা ক্রমতালিকায় জাতীয় দল নেমে গিয়েছে ১৩৮ নম্বরে। ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার ঘিরেও চরম অনিশ্চয়তা। আগের বাণিজ্যিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দোটানায় ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। এমন এক অন্ধকার সময়ে দাঁড়িয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার কড়া ডাক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর স্পষ্ট বার্তা, একে অপরের দিকে আঙুল না তুলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, কোচ এবং খেলোয়াড়দের একজোট হতে হবে।
খারাপ সময় কাটবে, আশাবাদী সুনীল
শনিবার ‘ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’-র ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ডসের ফাঁকে সুনীল বলেন, ‘আমি যতদিন খেলেছি, ভারতীয় ফুটবলের রেখচিত্র সবসময় এমনই থেকেছে। আমরা সম্ভবত এমন একটা পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কিছুই ঠিকঠাক চলছে না। জাতীয় দলের খেলা বা লিগ—সব জায়গাতেই সমস্যা। কিন্তু আমাদের আশাবাদী হতে হবে।’ বছর বিয়াল্লিশের প্রাক্তন তারকা আরও যোগ করেন, ‘দিন শেষে সব ঠিক হবে। এর জন্য কিছুটা সময় লাগে। আমি চিরকালই আশাবাদী। পরিস্থিতি এখন হয়তো কিছুটা খারাপ, কিন্তু আগামী দিনে সব ঠিক হয়ে যাবে।’
ব্যর্থতার দায়ভার ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা
২০২৩ সালে তিনটি আন্তর্জাতিক ট্রফি জয়। ফিফা ক্রমতালিকায় প্রথম একশোর মধ্যেও ঢুকে পড়েছিল ভারত। কিন্তু তারপর থেকে ধারাবাহিক ব্যর্থতা। এবারের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছে ব্লু টাইগার্স।
এমন ব্যর্থতার প্রসঙ্গে সুনীলের অকপট স্বীকারোক্তি, ‘আমিও জাতীয় দলের অংশ ছিলাম। কেন র্যাঙ্কিং নিচে নামল? কারণ আমরা খারাপ খেলেছি। যে ম্যাচগুলো আমাদের জেতা উচিত ছিল, সেগুলো আমরা হেরে বসেছি। আর ঠিক সেই কারণেই আজ আমাদের এই দুর্দশা। খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমি যখন দলে ছিলাম, তখন সম্পূর্ণ দায়ভার মাথা পেতে নিয়েছি।’
বর্তমান দলের ফুটবলাররাও নিজেদের পারফরম্যান্সের সেই দায়িত্ব নেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রাক্তন অধিনায়ক। তবে তাঁর মতে, বর্তমান এই গভীর সঙ্কটের জন্য শুধু একপক্ষের ঘাড়ে দোষ চাপালে পরিস্থিতির কোনও বদল হবে না। সুনীল স্পষ্টভাষায় বলেন, ‘আমাদের একে অপরকে দোষ দেওয়া উচিত নয়। আমরা যদি একটা ভাল জায়গায় পৌঁছতে চাই, তবে সবাইকে একজোট হতে হবে। আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। হয় আমরা একে অপরকে দোষারোপ করে যেতে পারি, এবং আমরা জানি সেই পথে হাঁটলে কোথায় গিয়ে পৌঁছব। আর না হলে আমরা সবাই একজোট হয়ে নিজেদের কাজটা মন দিয়ে করতে পারি।’
সামনে কঠিন লড়াই
সুনীলের মতে, ভারতীয় ফুটবলের হৃতগৌরব পুনরুদ্ধারের একটাই উপায়। খেলোয়াড়দের পাশাপাশি সমস্ত স্টেকহোল্ডারদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন, ‘অবশ্যই খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের কাজ করব। আমি এখানে বড় বড় কথা বলতে আসিনি। আমি নিশ্চিত করে বলতে পারি, উন্নতি করার এটাই একমাত্র পথ। বিকল্প আর কোনও রাস্তা নেই।’
আগামী দিনে জাতীয় দলের সামনে একগুচ্ছ কঠিন চ্যালেঞ্জ। আগামী ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াই। ঠিক তিনদিন পর, ৬ অক্টোবর শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে আরও একটি হাই-ভোল্টেজ ম্যাচ। দেশের মাটিতে হেভিওয়েট দলগুলির মোকাবিলা করার পর, দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল।



