Top 5 This Week

spot_img

Related Posts

ভূমিকম্প নয়!‌ নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বান!‌ তুষারধসের কারণেই এক সেকেন্ডে ৫০ মিটার পথ পাড়ি কাদা-পাথরের স্রোতের!

RK NEWZ কাদা-পাথরের স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলি নদীর খাত বরাবর ১০০ কিলোমিটার নীচে নেমে আসে। হিমবাহটি ভেঙেছিল ৫২০০ মিটার উচ্চতায়। কাদা-পাথরের স্রোত ৪৫০০ মিটার নীচে নেমে আসে। ভূমিকম্প নয়, তুষারধসের কারণেই ভয়াবহ হড়পা বান এসেছিল নেপালের ভোটেকোশী নদীতে। বুধবার রাতেই তা স্পষ্ট করে দিয়েছিল আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিয়োলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।পরে উপগ্রহচিত্রেও এই বক্তব্যের প্রমাণ মেলে। দেখা যায় হিমালয়ের অন্যতম পর্বতশৃঙ্গ ল্যাংট্যাং লিরুঙের নিকটবর্তী জায়গা থেকে নীচে নেমে এসেছে হিমবাহের একাংশ। ৫১২৭ মিটার উচ্চতায় হিমবাহটির একাংশ ভেঙে যায়। ঢালু পথে বেশ কিছুটা গড়িয়ে আসার পর কয়েকশো মিটার উচ্চতা থেকে তুষার, কাদামাটি এসে পড়ে দুই পর্বতের মধ্যবর্তী সঙ্কীর্ণ উপত্যকায়। তার পর পর্বতের ঢাল বরাবর ওই তুষার এবং কাদা-পাথরের স্রোত নীচের দিকে নামতে শুরু করে। চিন সরকারের অন্যতম ভূতত্ত্ববিদ গুয়ো জ়াওচেং জানিয়েছেন, তুষার এবং কাদা-পাথরের স্রোত প্রতি সেকেন্ডে ৫০ মিটার (১৬৫ ফুট) দূরত্ব পাড়ি দিয়েছে।এই ভাবে প্রায় ২০ কিলোমিটার জায়গা কার্যত চোখের নিমেষে তুষার আর কাদা-পাথরের স্রোতে বিধ্বস্ত হয়ে যায়। এত অল্প সময়ে দুর্যোগ নেমে আসায় কিছু বুঝে উঠতেই পারেনি সাধারণ মানুষ।

উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছে, পর্বতের ঢাল বেয়ে নীচে নেমে তুষার এবং কাদা-পাথরের স্রোত লিন্দেখোলা নদীতে গিয়ে মেশে। এই নদী নেপাল এবং চিনের সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। লিন্দেখোলার খাত ধরে এগিয়ে তিব্বতের গিরং বন্দরের কাছে পৌঁছে যায় এই কাদা-পাথরের স্রোত। কাদা-পাথরের স্রোত নদীর দু’কূল ছাপিয়ে বাড়িঘর, রাস্তা, জলবিদ্যুৎ কেন্দ্র, জনবসতি ভাঙতে ভাঙতে এগিয়ে যায়। কাদা-পাথরের স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর খাত বরাবর ১০০ কিলোমিটার নীচে, প্রায় নেপাল-ভারত সীমান্তের কাছে নেমে আসে। হিমবাহটি ভেঙেছিল ৫২০০ মিটার উচ্চতায়। কাদা-পাথরের স্রোত ৪৫০০ মিটার নীচে নেমে আসে। ধসে পড়া হিমবাহ থেকে ২৩ কিলোমিটার দূরত্বে রয়েছে নেপালের তিমুরে শহর। এই শহরের কিছুটা আগেই ভোটেকোশী নদী এসে ত্রিশূলী নদীতে মিশেছে। এই পথ ধরেই কাদা-পাথরের স্রোত পৌঁছোয় ৫ কিলোমিটার দূরের স্যাপ্রুবেসীতে। তার পর সেখান থেকে আরও কিছুটা এগিয়ে হাকুবেসিতে। কাদা-পাথরমিশ্রিত ঘোলাজলে তখন ভাসছে আসবাবপত্রের ভাঙা টুকরো, গাছের শুকনো ডাল, বাড়ির ভাঙা অ্যাসবেসটস, গ্যাস সিলিন্ডার ইত্যাদি। কাদা-পাথরের স্রোত সেখানেই থামেনি। ভীমবেগে এগিয়ে চলে হিমবাহ থেকে ৬৫ কিলোমিটার দূরে থাকা বেত্রীবতীতে। সেখান থেকে ত্রিশূলী বাজার। তখনও স্থানীয়েরা এই হড়পা বানের বিষয়ে কিছুই জানেন না। অথচ সেতু, জনপদ ভাঙতে ভাঙতে রাক্ষুসে গতিতে নেমে আসছে কাদা-পাথরের স্রোত। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কাদা-পাথরের স্রোত আছড়ে পড়ছে ত্রিশূলী বাজারে। দোকানবাজারে ভিড় জমানো মানুষ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছেন। আর তাদের ঠিক পিছনেই খয়েরি বর্ণের কাদা-পাথরের স্রোত গোটা এলাকাকে ঢেকে দিচ্ছে। নিম্ন অববাহিকা বরাবর আরও নেমে এসে এই স্রোত পৌঁছোয় দেবীঘাটে। তখন অবশ্য তার গতি কিছুটা কমেছে। আরও ধ্বংসাবশেষ জমা হয়েছে তাতে। তার পর হিমবাহ থেকে ১০০ কিলোমিটার দূরে কোলতারপুরে এসে ক্ষান্ত হয় এই কাদা-পাথরের স্রোত। নেপালের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন জানিয়েছে, হড়পা বানের কারণে ভোটেকোশী এবং ত্রিশূলী নদীতে এসে জমেছিল বিপুল পরিমাণ তুষার গলা জল, বড় পাথর, কাদামাটি ইত্যাদি। এর ফলে ওই দুই নদীতে দ্রুত জলস্তর বৃদ্ধি হতে থাকে। গলচি এলাকায় মাত্র আধ ঘণ্টার মধ্যে নদীর জলস্তর ৯ মিটার বেড়ে যায়। নদীখাত ছাপিয়ে অববাহিকা এলাকায় থাকা বাড়িঘর, দোকানবাজার— সব কিছু মুহূর্তের মধ্যে ভেসে যায়। বিশেষজ্ঞেরা মনে করছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত গলছে হিমালয়ের হিমবাহগুলি। এর ফলেই বুধবার নেপাল-চিন সীমান্তবর্তী এলাকার ওই পর্বতশৃঙ্গের কাছে হিমবাহের একাংশ ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হচ্ছিল, তা আদতে হিমবাহধস। হিমবাহ কাদামাটির তাল নিয়ে নদীর অববাহিকার দিকে নামতেই ওই বিপর্যয় ঘটে বলে দাবি করেছে ওই মার্কিন সংস্থা। ইউএসজিএস জানায়, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) নেপাল-তিব্বত সীমান্তে কোনও ভূমিকম্প হয়নি। যে ঘটনাকে ৪.৪ মাত্রার ভূকম্পন বলে মনে করা হয়েছিল, সেটি আদতে হিমবাহধস এবং তজ্জনিত কারণে কাদামাটির স্রোত নেমে আসা। ভূবিজ্ঞানীদের একাংশ প্রাথমিক পর্যবেক্ষণের পরে জানিয়েছিলেন, তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল নদীর গতিপথ। জমে যাওয়া জলের চাপে হঠাৎই সেই ‘অবরোধ’ ভেঙে যায়। ফলে সৃষ্টি হয় হড়পা বান। হড়পা বানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের তিব্বত সংলগ্ন জেলা রাসুয়া। তুলনায় কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে নুয়াকোট এবং ধারিং জেলাও। কাদামাটির প্রবল স্রোতে বিপর্যয় ও প্রাণহানি হয়েছে নেপাল সীমান্ত লাগোয়া তিব্বতের স্থলবন্দর জিরঙেও।

তুষারধসের কারণে হিমালয় পর্বতের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ভেঙে হড়পা বানের বিপদসঙ্কেত দেওয়া হয়েছিল ২০১৯ সালের এক গবেষণায়। তাতে বলা হয়েছিল, জলবায়ুর পরিবর্তনের ফলে এই শতাব্দীর গোড়া থেকে শুরু করে প্রতি বছর দেড় ফুটেরও বেশি উচ্চতার বরফ গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলিতে। ভারত, চিন, নেপাল, ভুটান, চিন-অধিকৃত তিব্বতের বিস্তীর্ণ অঞ্চলে ৪০ বছর ধরে উপগ্রহের পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা গবেষণাপত্রটি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছিলেন, ১৯৭৫ থেকে ২০০০ পর্যন্ত যে গতিতে বরফ গলছিল হিমালয়ের হিমবাহগুলিতে, ২০০০ সালের পর থেকে গলছে তার দ্বিগুণ গতিতে। এর মধ্যেই তিব্বতের মানস সরোবরের অদূরে আনসি হিমবাহ থেকে উৎপন্ন ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় চিনের বৃহত্তম বাঁধ নির্মাণকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তিব্বত থেকে ভারতে প্রবেশের পরে এই ইয়ারলুং সাংপোর নাম হয়েছে ব্রহ্মপুত্র। আবার ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশের পরে নাম নিয়েছে যমুনা! ফলে হড়পা বানের জেরে চিনের বাঁধে বিপর্যয় ঘটলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ভারত এবং বাংলাদেশেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles