Monday, May 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হাওড়ার ‘ডন’ আকাশকে রাস্তায় ঘোরাল পুলিশ!‌ চেনা দাড়ি-গোঁফ গায়েব, পরনে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি!

RK NEWZ পুলিশের মডেলে আমূল বদল!‌ ২০২১ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগে ধৃত হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে নিয়ে রবিবার ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ বা অপরাধের পুনর্নির্মাণে বের হয় মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ। তবে সবাইকে চমকে দিয়ে দেখা যায়, আকাশের চেনা দাড়ি-গোঁফ কামিয়ে দেওয়া হয়েছে এবং তার পরনে ছিল কেবল হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি। এই অবস্থায় তাকে উত্তর হাওড়ার রাস্তায় হাঁটানো হয়। বাংলায় ক্ষমতার পালাবদল হতেই কি পুলিশের মডেলে আমূল বদল এল? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যের স্টাইলে অপরাধীদের ‘হাড়’ কাঁপানোর চেনা ছবি এবার দেখা গেল হাওড়ার রাজপথে। যে ডনের নামে একসময় বাঘ-গরু এক ঘাটে জল খেত, সেই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে, দাড়ি-গোঁফ কামিয়ে রাস্তায় হাঁটাল হাওড়া সিটি পুলিশ। সাতসকালে তথাকথিত এই ডনের এমন হাল দেখে অবাক আমজনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকেই হাওড়ার এই ‘ত্রাস’ আকাশ সিং ও তার শাগরেদ সূরজকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আকাশের বিরুদ্ধে অপরাধের খতিয়ান দীর্ঘ। সবথেকে বড় অভিযোগ ওঠে ২০২১ সালে। উত্তর হাওড়ার লিলুয়ায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা ছোঁড়ার ঘটনায় নাম জড়িয়েছিল তার। সেবার অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক পুলিশ আধিকারিক। এছাড়াও এলাকা জুড়ে তোলাবাজি সিন্ডিকেট চালানো এবং একাধিক দুষ্কৃতী হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার প্রাক্তন এক শাসকদলের নেতার ছত্রছায়ায় থাকার কারণে দীর্ঘদিন সে অধরা ছিল বলে দাবি বিরোধীদের। মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ আকাশকে নিয়ে অপরাধের ঘটনাগুলির পুর্ননির্মাণ বা ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ করতে বের হয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে দেখা যায়, আকাশের পরনে নেই কোনও ভদ্রস্থ পোশাক। স্রেফ স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরা অবস্থায়, পুলিশ বেষ্টনীর মধ্যে কার্যত মাথা নিচু করে হাঁটছে সে। শুধু তাই নয়, তার চেনা দাড়ি-গোঁফও পরিষ্কার করে কামিয়ে দেওয়া হয়েছে।

যে যে এলাকায় আকাশ একসময় বোমাবাজি বা গুলি চালিয়েছিল, সেই সব জায়গায় তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। কীভাবে অপরাধের ছক কষা হয়েছিল, কারা তাকে সাহায্য করেছিল, তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। হাওড়ার পুলিশ অবশ্য একে রুটিন তদন্তের অংশ এবং ‘নিরাপত্তা জনিত কারণে’ হওয়া পরিস্থিতি বলে দাবি করছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় বিজেপি সরকার আসার পর সমস্ত অপরাধী ও সমাজবিরোধীদের কাছে এটি একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা। অপরাধ করে যে আর পার পাওয়া যাবে না, তা বোঝাতেই এই কায়দা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল। অনেকের দাবি, অপরাধীদের মনে ভয় ধরাতে এমন দাওয়াইয়েরই প্রয়োজন ছিল।বিতর্ক যাই হোক, হাওড়ার রাজপথে এই দৃশ্য যে অপরাধ জগতের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles