Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

প্রথম বলেই আউট অভিমন্যু, ব্যর্থ বাংলার আকাশদীপ!‌ রঞ্জিতে শূন্য পৃথ্বী, ব্যর্থ বৈভবও, মুশিরের শূন্য বসল দাদা সরফরাজের

শেষ ওভারে মুখরক্ষা সামির। রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার বোলারেরা দাপট দেখালেন ইডেন গার্ডেন্সে। ভূপেন লালওয়ানি এবং অভয় নেগি ছাড়া উত্তরাখণ্ডের কোনও ব্যাটারই স্বচ্ছন্দ ছিলেন না। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তারকাখচিত দল নামিয়েছে বাংলা। জোরে বোলিংয়ে মহম্মদ সামি, আকাশদীপ, ব্যাটিংয়ে অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু প্রথম দিন তিন জনেই ব্যর্থ। ১৬ ওভার বল করে আকাশদীপ কোনও উইকেট পাননি। সামি শেষ ওভারে ৩ উইকেট নিয়ে মুখরক্ষা করেন। আগের ১৪ ওভারে কোনও উইকেট পাননি। অধিনায়ক অভিমন্যু প্রথম বলেই আউট। প্রথম দিনের শেষে প্রত্যাশা মতো স্বস্তিতে থাকতে পারল না বাংলা। উত্তরাখণ্ডের ইনিংস ২১৩ রানে শেষ করে দিলেও ভাল হল না বাংলার ইনিংসের শুরু। অভিমন্যুর উইকেট হারিয়ে বাংলা দিনের শেষে ৮ রান তুলেছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক। সামি, আকাশদীপ দাগ কাটতে না পারলেও সূরয সিন্ধু জয়সওয়াল ও ঈশান পোড়েলের দাপটে ইডেন গার্ডেন্সের ২২ গজে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় উত্তরাখণ্ড। প্রয়োজনীয় জুটি তৈরি করতেও ব্যর্থ হলেন উত্তরাখণ্ডের ব্যাটারেরা। চার নম্বরে নামা ভূপেন লালওয়ানি(৭১)ছাড়া বলার মতো রান করতে পারেননি কোনও ব্যাটারই। উত্তরাখণ্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান অভয় নেগির অপরাজিত ২৮। বাংলার বোলারদের দাপটে ৭২.৫ ওভারে শেষ হয়ে যায় উত্তরাখণ্ডের ইনিংস। বাংলার সফলতম বোলার সূরয ৫৪ রানে ৪ উইকেট নেন। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন ঈশান। ভারতীয় দলে ব্রাত্য হয়ে থাকা শামির ৩ উইকেট ৩৭ রানে। দিনের শেষে বাংলার রান ১ উইকেটে ৮। অপরাজিত রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় (১) এবং সুদীপ কুমার ঘরামি (৭)। ২০৫ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

ক্রিকেটজীবনে প্রথম বড় দায়িত্ব পাওয়ার পর প্রথম ইনিংসেই ব্যর্থ বৈভব সূর্যবংশী। নতুন দলের হয়ে রঞ্জি মরসুমের শুরুটা ভাল করতে পারলেন না পৃথ্বী শ। স্কোরার গুলিয়ে ফেললেন দুই ভাই সরফরাজ খান এবং মুশির খানকে। বিহার রঞ্জি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সূর্যবংশীকে। প্রথম ম্যাচে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারল না ১৪ বছরের ব্যাটার। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে সূর্যবংশী করল ১৪ রান। তার ৫ বলের ইনিংসে রয়েছে ২টি চার এবং ১টি ছয়। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছে বিহারের সহ-অধিনায়ক। অরুণাচল প্রদেশের ইনিংস শেষ হয় ১০৫ রানে। বলার মতো রান করতে পারেননি কোনও ব্যাটারই। বিহারের সফলতম বোলার সাকিব হুসেন ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন। প্রথম দিনের শেষে বিহার ২৮৩/২। ১৫৫ রান করে অপরাজিত রয়েছেন আয়ুষ লোহারুকা।

রঞ্জি ট্রফির অন্য ম্যাচে কেরলের বিরুদ্ধে শুরুটা ভাল করতে পারল না মহারাষ্ট্র। কোনও রান হওয়ার আগেই ৩ উইকেট পড়ে যায় তাদের। পর পর ফিরে যান পৃথ্বী (শূন্য), অর্শিন কুলকার্নি (শূন্য) এবং সিদ্ধেশ বীর (শূন্য)। কয়েক বলের মধ্যে আউট হয়ে যান অধিনায়ক অঙ্কিত বাওনেও (শূন্য)। ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে স্বস্তি দেয় রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট। তিনি করেন ৯১। অভিজ্ঞ জলজ সাক্সেনার ব্যাট থেকে এসেছে ৪৯ রানের ইনিংস। দিনের শেষে মহারাষ্ট্রের রান ৭ উইকেটে ১৭৯। প্রথম দিন কেরলের সফলতম বোলার মহম্মদ নিধেশ ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles