নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী! দুই আসনে লড়াই করতে বিরোধী দলনেতাকে নির্দেশ বিজেপির উচ্চ নেতৃত্বের! শুভেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারীকে উত্তর কাঁথিতে প্রার্থী করবে পদ্ম শিবির। দুয়ারে বিধানসভা নির্বাচন। আগামী সোমবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হেভিওয়েট’ প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শুভেন্দুর উপরই ভরসা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দু নিজেও ভবানীপুরে দাঁড়ানো নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আনাগোনাও বাড়িয়েছিলেন তিনি। তবে নন্দীগ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না শুভেন্দু! কারণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর মরণবাঁচন লড়াইয়ে নন্দীগ্রাম তাঁর পাশে দাঁড়িয়েছিল বলে মনে করেন তিনি (যদিও নন্দীগ্রামের ফলাফল নিয়ে মামলা কলকাতা হাই কোর্টে বিচারাধীন)। তাই দু’টি আসনেই শুভেন্দু প্রার্থী হতে পারেন বলেই সূত্রের খবর।





