টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে হঠাৎ বদলে দেওয়া হল এশিয়া কাপের সময়সূচি। কোনও ম্যাচের দিন বদল হয়নি। তবে একটি বাদে সব ম্যাচ শুরুর সময় বদলে দেওয়া হল। ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হল। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে ৬টা এবং ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টার সময় শুরু হবে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে এসিসি জানিয়ে দিল, টুর্নামেন্টে যে ১৮টি খেলা রাতে হওয়ার কথা সবকটির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টা এবং ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে। টুর্নামেন্টের একমাত্র ডে ম্যাচ ১৫ সেপ্টেম্বরের আমিরশাহি বনাম ওমান ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় বিকাল ৫.৩০) থেকেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে কোনও কারণ জানানো হয়নি। তবে সূত্রের দাবি, আমিরশাহীর তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী দলগুলি উদ্বিগ্ন। অতিরিক্ত গরমে ক্রিকেটারদের যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই খেলাগুলি আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি:
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান
অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার ওয়ানডে সফর শুরু ১৯ অক্টোবর। ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলার কথা। তাঁদের ২২ গজে আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। দুই কিংবদন্তি ক্রিকেটারকে বিশেষ সম্মান জানানো হবে অস্ট্রেলিয়ায়। সিরিজ শুরুর ৫০ দিন আগে ভারতীয় সমর্থকদের জন্য বরাদ্দ আসন ভর্তি হয়ে যাওয়ার খবর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি এবং ক্যানবেরার ম্যাচগুলির জন্য পাবলিক টিকিটও সোল্ড আউট। বাকি টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস এবং অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, “আটটি ভেন্যুতেই ভারতীয় ফ্যান জোনের বিক্রির বিপুল সাড়া দেখে আমরা রোমাঞ্চিত।” মরিসনের সংযোজন, “এখন থেকেই এই সিরিজকে ঘিরে আগ্রহ তুঙ্গে। সমর্থকরা যেভাবে সিরিজকে নিয়ে আবেগপ্রবণ, তা দেখে উত্তেজিত। স্টেডিয়ামে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে উঠবে ভেবে খুবই ভালো লাগছে। দুই অসাধারণ ক্রিকেটীয় দেশের মধ্যে বিশ্বমানের প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।




