Top 5 This Week

spot_img

Related Posts

‘ভাইয়ের কাছে সে দিন অস্ত্র ছিল না, সাজানো এনকাউন্টার’!‌ সিআইডি সেই ইটভাটা থেকেই পেল পিস্তল! দাবি নিহত রতনের দাদার

RK NEWZ বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নানুরের বাসিন্দা রতনকে আর একটি মামলায় ধরতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, শান্তিনিকেতন থানার পুলিশবাহিনীর দিকে গুলি ছোড়ে পালান তিনি। রবিবার ‘এনকাউন্টারে’ নিহত হন। শান্তিনিকেতনে গত শুক্রবার ভাই পুলিশের উপর গুলি চালালেও চালাতে পারে। কিন্তু রবিবার তাঁর কাছে আগ্নেয়াস্ত্র থাকার প্রশ্নই ছিল না। তার আগেই সে পুলিশের হাতে ধরা পড়েছিল। পুলিশ ‘এনকাউন্টারের’ নামে অসত্য বলছে। রতন শেখের মৃত্যুর দু’দিন বাদে এমনই দাবি করলেন তাঁর দাদা সালাম শেখ। গত শুক্রবার বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নানুরের বাসিন্দা রতনকে আর একটি মামলায় ধরতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, শান্তিনিকেতন থানার পুলিশবাহিনীর দিকে গুলি ছোড়েন তিনি। একটি গুলি লাগে বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবলের বাঁ পায়ে। রতন পালান। রবিবার পুলিশের তরফে জানানো হয়, নানুরে রতনকে ধরতে গেলে ফের তিনি পুলিশের দিকে গুলি ছুড়েছিলেন। পুলিশের গাড়িতে গুলি লাগে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। তাতে মারা যান রতন। এখন রতনের দাদার দাবি, পুলিশকে গুলি করে ভাই বর্ধমানে গা-ঢাকা দিয়েছিলেন। পুলিশকে তিনিই জানিয়েছিলেন। পূর্ব বর্ধমানের নবাবহাটে তাঁর ভাই ধরা পড়েন। তার পরে নানুরে তিনি কী ভাবে পুলিশকে গুলি করতে পারেন! সালামের কথায়, ‘‘ভাইকে তো বদনাম দিচ্ছে। ওর কাছে কোনও ‘আর্মস’ (আগ্নেয়াস্ত্র) ছিল না রবিবার। যেখানে ‘এনকাউন্টার’ করা হয়েছে, সেখানে ওর কাছে ‘আর্মস’ ছিল না, আমি জানি।’’ রতনের দাদার দাবি, গত শুক্রবার শান্তিনিকেতনের লাইক বাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর ভাই বর্ধমানে পালিয়েছিলেন। পুলিশ সেই খবর তাঁর কাছ থেকেই পেয়েছে।

ভাইয়ের ‘এনকাউন্টার’ প্রসঙ্গে সালাম এ-ও বলেন, ‘‘আমি পারিবারিক একটি মামলায় কাস্টডি-তে ছিলাম। শুক্রবার ছাড়া পাই। শনিবার পুলিশ আবার আমায় গ্রেফতার করে নিয়ে যায়। বলে, ‘ভাই কোথায়, খোঁজ দিবি চল’। আমি আত্মীয়দের কাছে খোঁজ নিই। শুক্রবার থেকে ও (রতন) বর্ধমানে ছিল।’’ দাদার দাবি, নানুরের বাসিন্দা হলেও বিভিন্ন মামলার কারণে রতন সেখানে পা রাখতেন না। তিনি থাকতেন বোলপুরে। সেই জায়গায় নানুরে কোথায় রতন আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখবেন, প্রশ্ন তুলেছেন সালাম। তিনি বলেন, ‘‘সেদিন (রবিবার) ও ধরা পড়েছিল নবাবহাটে। কী ভাবে তার পর নানুরে পুলিশকে গুলি চালাবে?’’ নানুরের ইটভাটায় পুলিশই রতনকে গুলি করে বলে অভিযোগ সালামের। ‘‘সঠিক তদন্ত হলেই গোটা ঘটনা সামনে আসবে।’’ দাবি করেন তিনি। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রতনের দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। দেহ নেওয়ার জন্য হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালাম। সেখানেই ওই অভিযোগ করেন। এ নিয়ে পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি। রতনের মৃত্যুর ঘটনার তদন্তে নানুরে পৌঁছেছে সিআইডি-র ফরেনসিক দল। পরিত্যক্ত ওই ইটভাটায় ফরেনসিক বিশেষজ্ঞেরা মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালান। বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ করতে দেখা যায় তাঁদের। পরে জানা যায়, একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি, একটি ম্যাগাজিন ও কিছু কাচের টুকরো উদ্ধার করে নিয়ে গিয়েছে সিআইডি। এর মধ্যে হাসনের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, ‘‘সরকার আর পুলিশ যদি পূর্বপরিকল্পনা করে কাউকে মারে, সেটা তো আইনবিরোধী কাজ। রতন শেখের পরিবার বলেছে, ওর হাত-পা, কোমর ভেঙে দিতে পারত। প্রাণে মারল কেন… সঠিক বলেছে।’’ মিল্টনের সংযোজন, ‘‘যে কনস্টেবলকে গুলি করা হয়েছে, তিনি আহত। সে নিয়ে মামলা হবে। অভিযুক্ত গ্রেফতার হবেন। তা না করে পরিকল্পনা করে গুলি করে মারা হয়েছে। এটা আইনবিরোধী কাজ।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles