শুটিং লোকেশন পরিবর্তনের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গ্যাংটকে শুটিং করতে গিয়ে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। ম্যাডক ফিল্মসের আগামী ছবি ‘মিশন মির্চি’র শুটিংয়ে প্রাণ হারালেন বাংলার টেকনিশিয়ান পিন্টু মণ্ডল। মাত্র ৪৬ বছর বয়সেই সব শেষ। আহত আরও এক টেকনিশিয়ান, যাঁর বয়স ৩৬। শুটিংয়ের লোকেশন বদল করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন পিন্টু। ১৬ নভেম্বর লোকেশন পরিবর্তনের সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হল না। ১৭ নভেম্বর সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকায় চলছিল ম্যাডক ফিল্মসের আসন্ন ছবি ‘মিশন মির্চি’র শুটিং। সেই সূত্রেই সেখানে ছিলেন কলকাতার লাইট বয় পিন্টু মণ্ডল। সরকারি হাসপাতালের তথ্য অনুযায়ী, পিন্টু মণ্ডলকে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। ১৭ নভেম্বর সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় আহত ৩৬ বছর বয়সি অপর টেকনিশিয়ানের নাম বাবর আলি মোল্লা।‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে কাজ করছিলেন পিন্টু মণ্ডল। ম্যাডক ফিল্মস প্রযোজিত ছবির প্রযোজক সঞ্জীব মিশ্র আর পরিচালনার দায়িত্বে কুণাল দেশমুখ। সিনেমায় অভিনয় করছেন বিজয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। জানা যাচ্ছে, ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও পার্শ্ববর্তী এলাকায় শুটিংয়ের পরিকল্পনা ছিল। তার মাঝেই ১৬ নভেম্বর ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। টেকনিশিয়ান পিন্টু মণ্ডলের মৃত্যু এবং আর একজনের আহত হওয়ার ঘটনায় স্তব্ধ শুটিং ইউনিটের সদস্যরা। তবুও লাইট ক্যামেরা অ্যাকশন চলছেই। এমতাবস্থায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। পিন্টু মণ্ডলের মৃত্যুতে প্রযোজনা সংস্থা এখনও পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ানোর কোনও স্পষ্ট বার্তা কেন দেয়নি? টেকনিশিয়ানের মৃত্যুর পর প্রযোজনা সংস্থার মৃতের পরিবারকে আর্থিক সহায়তা করবে কিনা তাও স্পষ্ট করেনি। একইসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, ফের প্রশ্নচিহ্নের মুখে শুটিং সেটে কলাকুশলী-সহ পুরো ইউনিটের নিরাপত্তা। এই ঘটনায় যেন ফের চাঙ্গা হল, চলতি বছরেই তালসারিতে ধারাবাহিকের শুটিংয়ের সময় তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ। টলিউডে শুটিং সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি জোরদার করতে এসওপি চালুর দাবিও জানানো হয়। তার মাঝেই প্রাণ হারাল বাংলার টেকনিশিয়ান।





