Top 5 This Week

spot_img

Related Posts

‘বিজেপি যদি না জিতত ভাল হত বোধহয়’! পানিহাটিতে অন্তর্দলীয় সংঘর্ষে নেতার মৃত্যুতে বিস্ফোরক বিধায়ক রত্না

RK NEWZ বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহার মৃত্যু হয়েছে। স্ত্রীর অভিযোগ, শনিবার রাতে দলের কয়েক জনের মধ্যে গন্ডগোল থামাতে গিয়েছিলেন তাঁরা। সেখানে ধাক্কাধাক্কি হয়। ‘গোষ্ঠীকোন্দলের জেরে’ মৃত্যু হয়েছে বিজেপি নেত্রীর স্বামীর। তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে কেঁদে ফেললেন এলাকার বিধায়ক রত্না দেবনাথ। মৃতের সন্তানদের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বললেন, দেখেশুনে মনে হচ্ছে, বোধহয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত! শনিবার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করেছিলেন বিজেপির উত্তর ২৪ পরগনার পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, তার পরে বিজেপি নেত্রীকে গালিগালাজ করেন তাঁর দলেরই কয়েক জন কর্মী। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন রুমার স্বামী অরূপ সাহা। তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন বিজেপির ‘সক্রিয় কর্মী’ অরূপ। রাতেই সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সকালে মারা যান। ওই ঘটনায় বিজেপির অন্দরে কোন্দলের অভিযোগ উঠেছে। মৃতের স্ত্রী, বিজেপি নেত্রী রুমা থেকে বিধায়ক রত্না দু’জনেই বলছেন, ‘নব্য বিজেপি’র জন্য এই অশান্তি। ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল থেকে বিজেপিতে এসে অনেকে অরাজকতার সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তাঁরা। অরূপের মৃত্যুর জন্যও রত্না দায়ী করেছেন ‘তৃণমূল থেকে বিজেপিতে আসা’ কর্মীদের এবং তাঁদের দলে নেওয়ার জন্য বিজেপি নেতৃত্বের একাংশকে দুষেছেন তিনি। মৃত বিজেপি কর্মীর সন্তানদের কাঁদতে দেখে চোখের জল ধর রাখতে পারেননি বিধায়ক। নিজের মেয়ের প্রসঙ্গ টানেন আরজি করের নির্যাতিতার মা। রত্নার কথায়, ‘‘এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই বোধহয় ভাল হত…।’’ বিধায়ক আরও বলেন, ‘‘এদের বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল…।’’ পানিহাটিতে দলীয় কর্মীর মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন শাসকদলের বিধায়ক। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি জানান তিনি। তা ছাড়া বিজেপির কলকাতা উত্তর শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে দলের ‘অভ্যন্তরীণ সমন্বয়’ নিয়ে প্রশ্ন তোলেন রত্না।

অন্য দিকে, মৃত বিজেপি কর্মীর স্ত্রী তথা বিজেপি নেত্রী ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা-৮টা নাগাদ কাঁকিনাড়ার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাজারে কয়েক জন যুবককে একটি দোকানের সামনে বচসা করতে দেখে তাঁদের ডেকে কী হয়েছে জানতে চান। ওই যুবকেরা তাঁদের দলের বলে জানতেন। তাই অশান্তি মিটিয়ে সকলকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দিয়ে নিজেও বাড়ি ফিরে যান। পরে বিষয়টি বিধায়ককে জানানোর আশ্বাসও দেন। কিন্তু তিনি বাড়ি ফেরার খানিক পরেই গন্ডগোল হচ্ছে বলে একটি ফোন পান। আবার ঘটনাস্থলে যান তিনি। সঙ্গে তাঁর স্বামীও ছিলেন। রুমা বলেন, ‘‘ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। তাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তাই দেখে প্রতিবাদ করেন। তখন রাজা তহশিলদার-সহ কয়েক জন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন।’’ রুমার দাবি, তাঁকেও হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তিনি থানায় ফোন করেন। কিন্তু থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে ফোন করতে বলেন। পরে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। রুমার কথায়, ‘‘বাড়িতে ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। কথা বলার মতো শক্তিও ছিল না।’’ ব্যারাকপুরে কৌস্তুভকে ফের ‘গো ব্যাক’ বিজেপিরই একাংশের! ছটপুজো উপলক্ষে শাড়ি বিলি করতে গিয়েছিলেন পদ্মবিধায়ক বিধায়ক রত্নার অভিযোগ, তৃণমূল থেকে বিজেপি-তে আসা লোকজনই এলাকায় অশান্তির সৃষ্টি করছেন। রুমার মতো তিনিও পানিহাটি মণ্ডল-১-এর যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের নেতার দিকে আঙুল তুলেছেন। শুধু তা-ই নয়, বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে রত্না বলেন, ‘‘পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হয়েছে। অথচ তাঁদের সঙ্গে জেলা সভাপতির কোনও সমন্বয় নেই।’’ তিনি জানান, তাঁকে ‘সহ্য করতে পারেন না’ চণ্ডীচরণ। ভোটের ফলের পর যাঁরা বিজেপিতে এসেছেন, দলে তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানেও পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের দিকে আঙুল তুলেছেন বর্তমান বিধায়ক। রত্না বলেছেন, নির্মল জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তিনি নিজেও আতঙ্কিত। এলাকায় আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরির আশঙ্কা করছেন। তবে রত্না বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর তাঁর ভরসা আছে। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ করেন সে দিকেও তাকিয়ে রয়েছেন তিনি। রত্নার ‘মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই বোধহয় ভাল হত’ মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসুর ব্যাখ্যা, বিষয়টিকে একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। রত্না যে ভাবে তাঁর ডাক্তার কন্যাকে হারিয়েছেন, সেই ব্যথা অন্যরা উপলব্ধি করতে পারবেন না। সায়ন্তন বলেন, ‘‘মায়ের দুঃখের জায়গা থেকে তিনি বলতে পারেন। বাকি রইল পানিহাটির সাম্প্রতিক ঘটনা। পুলিশ তার তদন্ত পুলিশ করছে। কেউ বলছেন খুন, কেউ বলছেন দুর্ঘটনা। যেটাই হোক পুলিশ জানাবে। তবে দলের কেউ যদি অভিযুক্ত হয়, প্রশাসন ব্যবস্থা নেবে। দল দোষীদের আড়াল করবে না।’’ ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী নিজের বিধানসভার পরিস্থিতির সঙ্গে পানিহাটির তুলনা টেনেছেন। উল্লেখ্য, রবিবারই কৌস্তুভকে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছে এবং বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। বিক্ষোভকারীরা তাঁর দলেরই বলে দাবি। ওই বিধায়কের কথায়, ‘‘যেটা ব্যারাকপুরে হচ্ছে, সেটাই পানিহাটিতে হচ্ছে। একই অবস্থা দু’জায়গায়।’’ তিনিও ৪ মে-র পর ‘বিজেপি হওয়া তৃণমূল কর্মীদের’ নিশানা করেন। বলেন, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরা গেরুয়া বসন পরে বিজেপি হয়ে সন্ত্রাস চালাচ্ছে, বিশৃঙ্খলা করছে।দুর্ভাগ্য হল, তাদের মদত দিচ্ছে আমাদের বিজেপিরই কিছু নেতা।’’ পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সরকারি ভাবে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। রাত পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles