RK NEWZ দেশবাসীকে দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা মোদির। দিল্লির রামলীলা ময়দানে বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভাষণ দেওয়ার সময় তাঁর বার্তায় উঠে এল ভারতকে বিভক্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের কথা। দেশের শত্রুদের পরাজিত করার আহ্বান জানালেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের মাঝেই তাঁর এহেন বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী সকলের সামনে তুলে ধরেন বিজয়া দশমীর মাহাত্ম্যের কথাও। বলেন, ”কেবলই দেশজুড়ে পালিত হওয়া অনুষ্ঠানমাত্র নয়, দেশের জীবনীশক্তি হল দশেরা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের উদযাপন।” সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”বিজয়া দশমীর এই শুভলগ্নে আমি প্রভু শ্রীরাম, মা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। এই পবিত্র পরিবেশে আমি দেশের সমস্ত মানুষকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। যে শক্তিগুলি দেশের সম্মান ক্ষুণ্ণ করে, যারা সমাজে বিভেদ সৃষ্টি করে এবং আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই দেশের শত্রু। আজ বিজয়া দশমীর এই শুভলগ্নে আমাদের সেই সংকল্প পুনরায় গ্রহণ করতে হবে। মা ভারতীর শত্রুদের আমাদের চিনতে হবে এবং তাদের পরাজিত করতে হবে। একটা দেশ তখনই এগিয়ে যেতে পারে, যখন সে নিজের সম্পদের মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটানোর সক্ষমতা অর্জন করে।” প্রধানমন্ত্রী ভারতকে পুরোপুরি স্বনির্ভর করে তোলার উপরে বরাবরের মতো এদিনও জোর দেন। ভগবান রামের শিক্ষার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই শিক্ষা মানুষকে শিখিয়েছে কীভাবে নিজেদের সম্পদ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে হয়।





