RK NEWZ এসআইআর নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড়। বিরোধীদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন ঘোষণা করল, ১৭টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে স্পেশাল সামারি রিভিশন। নতুন এই সমীক্ষার মূল উদ্দেশ্য, নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা। বাদ পড়া ভোটারদেরও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। এবার কমিশনের তরফ থেকেই বাড়ি বাড়ি গিয়ে নতুন এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় তুলতে উদ্যোগ নেওয়া হবে। কমিশনের তরফে জানানো হয়, যেসব ভোটাররা বাদ পড়েছেন অথবা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা এই এসএসআরের আওতায় পড়বেন। বলা হয়েছে, বিএলএরা দিনে সর্বোচ্চ ১০টি করে ফর্ম জমা দিতে পারবেন বিএলও’র কাছে। এছাড়া কোনও যোগ্য কিন্তু বাদ পড়া ভোটার পাওয়া গেলে বিএলওরাই তাঁদের খুঁজে বের করে ফর্ম সিক্স পূরণ করাবেন। বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাঁরা এই রিভিশনের মাধ্যমে ভোটাধিকার পেতে পারেন। খসড়া তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৪ জানুয়ারি। বাংলা, বিহার-সহ যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই রাজ্যগুলিতে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য অভিযান শুরু হবে। যে রাজ্যগুলিতে এখনও এসআইআর চলছে, সেখানেও এই নতুন সমীক্ষা হবে। তার দিনক্ষণ পরে ঘোষণা হবে বলেই জানিয়েছে কমিশন। আবহাওয়ার কথা মাথায় রেখে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং লাদাখে এসআইআর ঘোষণা করা হবে। দেশজুড়ে SIR প্রক্রিয়ায় ২০ রাজ্যে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সেই প্রক্রিয়ায় বিস্তর গলদেরও অভিযোগ উঠেছে। এমনকী, ফর্ম সিক্সের নিয়ম বদলের অভিযোগও উঠেছে। সে সব অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এসবের মধ্যেই কমিশন বাদ পড়া ভোটারদের নাম তুলতে উদ্যোগী।




