RK NEWZ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনকারী ছ’জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। কর্তৃপক্ষের অপছন্দ হলেই কোনও প্রতিবাদকে অপরাধ বলে দাগিয়ে দেওয়া যায় না। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনকারী ছ’জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অনুজ সিংয়ের পর্যবেক্ষণ— ‘শুধুমাত্র জমায়েত করে স্লোগান দেওয়াকে বেআইনি সমাবেশ বলা যায় না। তার জন্য আইনের নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া প্রয়োজন। প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে সংশ্লিষ্ট অপরাধগুলির প্রয়োজনীয় উপাদানই স্পষ্ট নয়। আদালতের মতে, প্রতিবাদের জন্যই আবেদনকারীদের শাস্তির মুখে পড়তে হচ্ছে— এমন সিদ্ধান্ত অনিবার্য। ২০২১–এর ৫ অগস্ট, কোভিড আবহে এসএসসি–র নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সল্টলেকের ময়ূখ ভবনের কাছে জমায়েত করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পথ আটকানো, সরকারি নির্দেশ অমান্য এবং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি করার মতো অভিযোগে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ। সেই এফআইআর খারিজ চেয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার রায় দিতে গিয়ে শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, এফআইআরে এমন কোনও নির্দিষ্ট তথ্য নেই, যা থেকে প্রমাণ হয় যে আন্দোলনকারীরা কারও চলাচলে বাধা দিয়েছিলেন বা সংক্রমণ ছড়ানোর মতো কোনও কাজ করেছিলেন। নিষেধাজ্ঞামূলক নির্দেশের উল্লেখ থাকলেও সেই নির্দেশ আদালতে পেশ করা হয়নি। মামলা খারিজ করে বিচারপতির নির্দেশ, ছ’জনআবেদনকারীর বিরুদ্ধে এফআইআর এবং তার সূত্রে চলা সমস্ত পরবর্তী আইনি পদক্ষেপ খারিজ করা হলো।



