RK NEWZ পাঁচবারের বিশ্বজয়ীরা শহরে পা রাখতেই শনিবারের মেগা ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। প্রতীক্ষার অবসান। কলকাতায় পৌঁছে গেল ব্রাজিল ফুটবল দল। বৃহস্পতিবার সন্ধেয় চার্টার্ড বিমানে কলকাতায় পৌঁছায় আন্সেলোত্তি ব্রিগেড। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে ভিনিসিয়াস জুনিয়ররা সোজা চলে যান বাইপাসের ধারের হোটেলে। পাঁচবারের বিশ্বজয়ীরা শহরে পা রাখতেই শনিবারের মেগা ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। শনিবার সন্ধে ৭টায় ভারতীয় দলের মুখোমুখি হবেন মার্কুইনহোসরা। তবে ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মতো মহাতারকাদের এই ম্যাচে দেখা গেলেও চোটের কারণে আসতে পারেননি রাফিনহা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ অনুশীলনে নেমে পড়লেন ভিনিরা। এদিনই সন্ধেয় ব্রাজিল দলের প্রতিনিধি এবং উরুগুয়ে দলের প্রতিনিধিদের রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সান্ধ্যভোজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দু’দলের প্রতিনিধিরা ছাড়াও ভারতীয় দলেরও থাকার কথা ওই সান্ধ্যভোজনে। যুবভারতীর দেওয়ালে লেগেছে রংয়ের পোচ। প্রথমবার স্টেডিয়ামের প্রত্যেক আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। যার অর্থ আগের মতো শুধু কোনও একটা জোনের নয়, এই দুই ম্যাচে দর্শকরা কাটতে পারবেন নির্দিষ্ট আসনের টিকিট। নতুন করে সাজানো হয়েছে র্যাম্প, শৌচাগার। আবার গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও। শুধু বাইরেই নয়, মাঠের ভিতরেও বদল হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞদের দেখানো পথে মাঠের ঘাসের মান উন্নত করেছেন যুবভারতীর কর্মীরা। সঙ্গে বদল হয়েছে স্টেডিয়ামের ভিতরে থাকা একজোড়া ট্রেনিং গ্রাউন্ডেও। এখানেই ভারতীয় তারকাদের পাশাপাশি অনুশীলন সারবেন ভিনিসিয়াস-নুনেজরা। যা খবর, মূল মাঠ এবং ট্রেনিং গ্রাউন্ডের মানে সন্তুষ্ট ব্রাজিলের বিশেষজ্ঞরা। প্রতিক্ষেত্রেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ভিনিদের জন্য নিরাপত্তাও আঁটসাট করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, চারটি দিকে নজর রাখা হচ্ছে। ভিড় সামলানো, দর্শকদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখা, স্টেডিয়ামের নিরাপত্তা বজায় রাখা এবং যানবাহন নিয়ন্ত্রণ- সব দিকেই চলবে নজরদারি। কেন্দ্রীয় বাহিনীও রাখা হবে স্ট্যান্ডবাইতে। কয়েক মাস আগেই লিওনেল মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতে কড়াকড়ি শুরু হয়েছে। মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতলও মাঠে নিয়ে যাওয়া যাবে না।



