RK NEWZ কংগ্রেসে যোগ দিচ্ছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গজল জাফর। কলকাতার তিন প্রধানের অন্যতম মহামেডানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত জাফর। আগে ক্লাবের সহ-সভাপতি ছিলেন। সচিব পদেও দায়িত্ব সামলেছেন। মাসখানেক আগেই তিনি হুমায়ুন কবীরের জায়গায় মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এবার সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ যোশীর হাত ধরে হাত শিবিরে নাম লেখাবেন গজল। বস্তুত রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্যে কংগ্রেসের শক্তি বাড়ার ইঙ্গিত মিলেছে। দিন দুই আগেই সাহিত্যিক মানিক ফকির যোগ দিয়েছেন হাত শিবিরে। সিঙ্গুর-নন্দীগ্রাম জমি আন্দোলনের সঙ্গে যুক্ত, লেখক মানিকের যোগদানকে বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছিল প্রদেশ কংগ্রেস। এবার মহামেডান কর্তার যোগদানকেও কংগ্রেস বেশ তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছে। হাত শিবিরে দাবি, রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক প্রেক্ষাপটে যে বড়সড় বদল আসছে, একের পর এক যোগদানে সেটাই প্রমাণিত হচ্ছে। বিশেষ করে তৃণমূলে ভাঙনের পর সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ছে। তাছাড়া কলকাতা ময়দানেও দীর্ঘদিন ধরে তৃণমূলের দাপট ছিল। পালাবদলের পর বিজেপির গুটিকয়েক নেতাকেও ময়দানে দেখা যাচ্ছে। গজল জাফর যোগ দিলে এবার ময়দানি রাজনীতিতে এন্ট্রি হতে পারে হাত শিবিরেরও। তাছাড়া সামনেই কলকাতা পুরসভার নির্বাচন। সেই নির্বাচনেও গজলের মতো ক্রীড়া কর্তা তথা ব্যবসায়ীর যোগদানে হাত শিবিরকে সংখ্যালঘু বেল্টে শক্তিশালী করবে।




