RK NEWZ বছরখানেক আগে ৮২ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ‘সংস অফ ফরগটেন ট্রিজ’।‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় পরিচালক অনুপর্ণা রায়ের ছবি। সাদা লালপাড় শাড়ি পরে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হলেও সেন্সরের কোপে সেই ছবি। সেন্সর বোর্ডের দাবি, ছবিটি সমাজের জন্য মোটেও ভালো নয়। তাই ছবিটিতে মুক্তির ছাড়পত্র দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন পরিচালক। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবিটি মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবনের গল্প। এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ, সুমি বাঘেল। প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। অনুরাগ কাশ্যপ প্রেজেন্টার। নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের একসময়ের বাসিন্দা অনুপর্ণা। এলাকার সকলে তাঁকে ‘মাম্পি’ নামেই চেনেন। নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলের ছাত্রী। ফার্স্ট ডিভিশন হয়নি মাধ্যমিকে। তাই বাবা-মা ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর তারপরেই যেন একটু একটু করে বদলে যেতে থাকে কিশোরী মেয়ে অনুপর্ণার জীবন। মামা নীলোৎপল সিংহের হাত ধরে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখার ভাবনা যেন গেঁথে যায় তাঁর মনে। তাই গতানুগতিক পথে না হেঁটে দু’দুটো নামি কর্পোরেট কোম্পানির চাকরি ছেড়ে সিনেমা তৈরির কাজে মন দেন।
যে মামার বাড়িতে উচ্চমাধ্যমিকের পাঠ। পুরুলিয়ার সেই অজপাড়া গাঁ পুঞ্চার ন’পাড়াতে ২০২১ সালে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু করেন অনুপর্ণা। নপাড়ার বিভিন্ন ল্যান্ডস্কেপে শুটিং হওয়ার পর ২০২৩ সালে তাঁর প্রথম ছবি ‘রান টু দ্যা রিভার’ রিলিজ হয়। দ্বিতীয় ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার এনে দেয় তাঁকে। গত ২০২৩ সালে কালীপুজোর সময় শেষবার মামার বাড়ি পুঞ্চার ন’পাড়ায় যান অনুপর্ণা।



