RK NEWZ বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসিত দুই ক্রিকেটারকে পুরস্কার দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক বঙ্গ ক্রিকেটে। ৬২ জন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আগামী দুই মরশুম তাঁদের কেউ অন্য ক্লাবে যেতে পারবেন না। পাশাপাশি নতুন কোনও চুক্তিতেও অংশ নিতে পারবেন না। সেই তালিকাতেই নাম থাকা দুই ক্রিকেটার রোহিত যাদব এবং রবি কুমারকে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মান জানানোয় উঠছে প্রশ্ন। যা নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছে কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। তার জবাবও দিয়েছেন সিএবি সেক্রেটারি বাবলু কোলে।
দুই ক্রিকেটারের বিরুদ্ধেই বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা রবি কুমারের আধার কার্ডের নথিতে বয়সের বড়সড় গরমিল ধরা পড়ে। সূত্রের খবর, তাঁর রেকর্ডে প্রায় ৪৫ মাসের হিসাবের অসঙ্গতি রয়েছে। অন্যদিকে, একই অভিযোগ উঠেছিল রোহিত যাদবের বিরুদ্ধেও। অভিযোগ সামনে আসার পর তাঁকে ভারতীয় দল থেকে সরিয়ে দেয় বিসিসিআই। অথচ সেই রোহিতকেই কোচবিহার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারির স্বীকৃতি দিয়েছে সিএবি। আর এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন রীতেশ তিওয়ারি। রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি জানানোর পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা পুলিশকে বিষয়টি তদন্তের অনুরোধও করেছেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, সিএবি সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই প্রশ্নের দায় এড়াতে পারেন না। এই পরিস্থিতিতে সিএবি সচিব বাবলু কোলে বলেন, “আধার কার্ড আপডেট হিস্ট্রি বোর্ড বা আমরা কেউই দেখতাম না। পরে বোর্ডের নির্দেশিকা পাওয়ার পর সিএবি যখন স্থানীয় ক্রিকেটারদের আধার কার্ড হিস্ট্রি আপডেট নিয়ে তদন্ত শুরু করে, সে সময়ই রোহিতের বয়সের ব্যাপারটা ধরা পড়ে। কিন্তু তত দিনে রোহিত বাংলা থেকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়ে গিয়েছেন। তখন দ্রুত আমরা বোর্ডকে রোহিতের বয়সের গরমিলের বিষয়টা জানাই। প্রয়োজনীয় নথিপত্রও পাঠানো হয়। এরপর ২ সেপ্টেম্বর রোহিতকে নিষিদ্ধ করার খবর আসে।” পুরস্কার দেওয়া নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন সিএবি সচিব। তাঁর সংযোজন, “এটি আগের মরশুমের পুরস্কার। সেই সময় ও বৈধ ক্রিকেটার ছিল। কোচবিহার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি হলে বোর্ডের টুর্নামেন্টে সেই স্বীকৃতি পাওয়াটা স্বাভাবিক। রবির ক্ষেত্রেও একই ব্যাপার।” ঘটনাচক্রে, নির্বাসনের তালিকায় থাকা রবি কুমার নিজেই পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন। রোহিত অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। রীতেশ তিওয়ারির অভিযোগ প্রসঙ্গে বাবলু কোলের পালটা মন্তব্য, “ওঁকে হয়তো কেউ ভুল তথ্য দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। বিষয়টি পরিষ্কার হলে তিনি নিজেও বুঝতে পারবেন।”




