বঙ্গ বিধানসভা নির্বাচনের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। ভোটের আগেই রাজ্যে আসছেন ভিন রাজ্যের ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব-সহ দেশের একাধিক রাজ্য থেকে এই সমস্ত পর্যবেক্ষককে রাজ্যে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও প্রত্যেক বিধানসভার জন্য এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। শুধু তাই নয়, নির্বাচনী আয়-ব্যয় খতিয়ে দেখার কাজে নিযুক্ত পর্যবেক্ষকদের সংখ্যাও এবার বঙ্গ বিধানসভা নির্বাচনের একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে কমিশন। এবার দু’দফায় বাংলায় নির্বাচন হতে চলেছে। প্রথম দফার ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল। অন্যান্য রাজ্যের সঙ্গেই আগামী ৪ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা। এবারের বঙ্গ ভোট শান্তিপূর্ণ করানোটা কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ! যদিও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বধ্যপরিকর বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এরপরেই রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। যা গতবারের তুলনায় একধাক্কায় দ্বিগুণ! জানা গিয়েছে, এবার সাধারণ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে ২৯৪ জনকে। প্রত্যেক বিধানসভাতে একজন করে পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। এছাড়াও প্রত্যেক জেলাতে নিয়োগ করা হচ্ছে ২জন করে পুলিশ পর্যবেক্ষককে। আর এই সংখ্যাটা ৮৪ জন। বেশিরভাগ আধিকারিকই আসছেন ভিন রাজ্য থেকে। বার আয়-ব্যয় সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার কাজেও এবার ১০০ জন পর্যবেক্ষককে নিয়োগ করা হচ্ছে। কমিশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ মার্চ অর্থাৎ আগামিকাল বুধবারই পর্যবেক্ষকদের দায়িত্ব বুঝে নেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট বিধানসভায় পৌঁছে যাবেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা। জানা যাচ্ছে, দায়িত্ব নেওয়ার পরেই পর্যবেক্ষকরা যোগাযোগের ঠিকানা দেবেন। যেখানে যে কোনও অভিযোগ জানানো যাবে। শান্তিপূর্ণ ভোট, কেন্দ্রীয় বাহিনীর উপরেও পর্যবেক্ষকরাও নজর রাখবেন।





