Tuesday, March 17, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

গ্যাস বাঁচান ১০টি সহজ উপায়ে! রান্নার সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে কমবে অপচয়

রান্নার পদ্ধতিতে সামান্য কিছু বদল আনলেই এলপিজি ব্যবহার অনেকটাই কমানো সম্ভব। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে প্রায় অর্ধেক জ্বালানি বাঁচানো যেতে পারে। অতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে বলেও অভিযোগ। সম্প্রতি এক পুষ্টিবিদ সমাজমাধ্যমে নিজের পাতায় একটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরাল। সেখানে তিনি দেখিয়েছেন, রান্নার পদ্ধতিতে সামান্য কিছু বদল আনলেই এলপিজি ব্যবহার অনেকটাই কমানো সম্ভব। তাঁর সঙ্গে সহমত হয়েছেন অনেক নেটাগরিক। এই ধরনের সহজ অভ্যাস মেনে চললে প্রায় অর্ধেক জ্বালানি বাঁচানো যেতে পারে। রান্নার সময়ে ১০টি টিপ্‌স মেনে চললে এলপিজি খরচ কমবে অনেকটাই —

১. প্রেশার কুকারের ব্যবহার
প্রেশার কুকার ব্যবহার করলে রান্না করার সময় প্রায় ৩০-৭০ শতাংশ কমে যেতে পারে। বিশেষ করে, বিন্‌স, ডাল, আলুর তরকারি ইত্যাদি বানানোর জন্য সর্বদা প্রেশার কুকার ব্যবহার করা উচিত বলে মত তাঁর। কারণ প্রেশার কুকারে উচ্চচাপে রান্না হয় এবং জলের স্ফুটনাঙ্ক অনেকটাই বেড়ে যায়। তাই দ্রুত রান্না হয় এই বাসনে।

২. রান্নার আগে ভিজিয়ে রাখা
ডাল, ছোলা বা চাল আগে থেকে কিছু ক্ষণ জলে ভিজিয়ে রাখলে সেগুলি দ্রুত সিদ্ধ হয়। ফলে রান্নার সময় কম লাগে এবং এলপিজির ব্যবহারও অনেকটাই কমে যায়।

৩. ঢাকা দিয়ে রান্না
অনেকেই হাঁড়ি বা কড়াই খোলা রেখে রান্না করেন। এতে তাপ দ্রুত বেরিয়ে যায়। ঢাকনা দিয়ে রান্না করলে তাপ আটকে থাকে, খাবার দ্রুত সেদ্ধ হয় এবং জ্বালানিও কম লাগে। এতে প্রায় ২০-২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হতে পারে।

৪. সব্জি কাটা ছোট করে
যত ছোট আকারে আনাজ কাটবেন, তত দ্রুত তাতে তাপ প্রবেশ করবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। গ্যাসের খরচও কমানো যাবে এই পদ্ধতিতে। বড় টুকরোর বদলে সব্জি বা মাছ-মাংস ছোট করে কাটার অভ্যাস শুরু করুন।

৫. এক সঙ্গে একাধিক রান্না
একই সময়ে একাধিক খাবার রান্না করলে জ্বালানি বাঁচে। যেমন প্রেশার কুকারের একেবারে নীচের স্তরে ডাল, তার উপরে চাল বা অন্য সব্জি রাখা যেতে পারে বাটি করে। এতে এক বার জ্বালানি ব্যবহার করেই একাধিক পদ রান্না হয়ে যায়।

৬. বার্নার পরিষ্কার
বার্নারের ছিদ্র বন্ধ হয়ে গেলে আগুন ঠিক ভাবে জ্বলে না। তখন রান্না করতে বেশি সময় লাগে এবং গ্যাস অপচয় হয়। তাই নিয়মিত বার্নার পরিষ্কার রাখা জরুরি। গ্যাস যেন নীল হয়ে জ্বলে, তা হলেই বুঝবেন, অপচয় কম হচ্ছে। কিন্তু যদি আগুনের আঁচ হলুদ বা লালচে হয়ে আসে, তা হলে বুঝবেন, গ্যাস অপচয় হচ্ছে এবং তা ভাল মতো জ্বলছে না।

৭. মোটা তলার বাসন ব্যবহার
মোটা তলার হাঁড়ি বা কড়াই তাপ সমান ভাবে ছড়িয়ে দেয়। ফলে খাবার দ্রুত সেদ্ধ হয়। পাতলা পাত্রে তাপ অপচয় বেশি হয় এবং খাবার পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

৮. সঠিক বার্নার
স্টোভে ছোট-বড়, নানা আকারের বার্নার হয়। কোন পাত্রের জন্য কোন বার্নার ব্যবহার করবেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। চা-কফি বানানোর জন্য ছোট বার্নার ভাল। অন্যান্য ক্ষেত্রে বড় বার্নার ব্যবহার করতে পারেন। এতে গ্যাসের অপচয় কমবে।

৯. আগেই গ্যাস বন্ধ
অনেক খাবার আগুন বন্ধ করার পরও ভিতরের তাপে কিছুটা সময় ধরে সেদ্ধ হতে থাকে। তাই রান্না শেষ হওয়ার কয়েক মিনিট আগেই গ্যাস বন্ধ করে দিন। তাতে তাপের অপচয় কম হবে। ঢাকনা চাপা দিয়ে দিলে ভিতরের বাষ্পেই বাকিটুকু রান্না হয়ে যাবে।

১০. স্মার্ট পদ্ধতিতে রান্না
গ্যাসের পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বাড়াতে হবে। যেমন চা বা যে কোনও পানীয়ের ক্ষেত্রে জল ফোটানো দরকার। সে ক্ষেত্রে গ্যাস ব্যবহার না করে ইলেকট্রিক কেট্‌ল ব্যবহার করুন। তরকারি বা কোনও ঝোলজাতীয় রান্নায় ঝোলের জন্য যখন গরম জল দরকার, তখন কাপে কাপে মাইক্রোঅয়েভ অভেনে জল গরম করে নিতে পারেন। তাতে রান্নাও দ্রুত হয়ে যায়, গ্যাসও খরচ হয় না।

ঘুগনি হোক বা পাঁঠার মাংস যে সমস্ত খাবার সেদ্ধ করা সময়সাপেক্ষ, সাধারণত সেই ধরনের রান্নাগুলির ক্ষেত্রেই বেশির ভাগ বাড়িতে প্রেশার কুকার ব্যবহার হয়। তবে ইরানের যুদ্ধের আঁচে এ রাজ্যেও এখন হেঁশেলের গ্যাস নিয়ে সঙ্কট। এই পরিস্থিতিতে সেই প্রেশার কুকারই হতে পারে মুশকিল আসান। সময় বাঁচবে এবং গ্যাস সাশ্রয় হবে দৈনন্দিন রান্নাগুলির কিছুটা প্রেশার কুকারে করে নিলে। ডাল: মুগ, মুসুর, বিউলি, অড়হর— যে ডালই করুন না কেন, সেদ্ধ করে নিন প্রেশার কুকারে। কড়াই বা কোনও পাত্রে বসিয়ে ডাল সেদ্ধ করতে যতটা সময় লাগে, তার অর্ধেক সময়েই প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে যায়। তবে ডাল সেদ্ধ করার আগে, ডাল ধুয়ে জলে ভিজিয়ে দিন। মুগ কিংবা মুসুর হলে ১৫-২০ মিনিট ভেজালেই যথেষ্ট, বিউলি, অড়হর, ছোলা, মটর হলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। ডাল ভিজে গেলে নরম হয়ে যাবে। সেদ্ধ হতে কময় সময় লাগবে। তা ছাড়া, ডাল থেকে পুষ্টি শোষণও সহজ হবে। ফোড়ন দেওয়ার ছোট্ট কড়াইয়ে ডালের উপযোগী ফোড়ন প্রস্তুত করে প্রেশার কুকারে ডালের সঙ্গে মিশিয়ে নিন। ভাত: হাঁড়িতে ভাত সেদ্ধ করতে গেলেও কিন্তু কম গ্যাস পোড়ে না। সহজ উপায় প্রেশার কুকার। তবে প্রেশার কুকারে ভাত রান্নার সময় জলের মাপটি গুরুত্বপূর্ণ, জল বেশি হলে ভাত ঝরঝরে হবে না। আরও একটি উপায় আছে। জল বেশি দিতেই পারেন, তবে ভাত রান্নার পর ফ্যান ঝরিয়ে নিতে হবে। একই ভাবে, সব্জি দিয়ে প্রেশার কুকারে পোলাও বানিয়ে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে চাল এবং জলের মাপ সঠিক হওয়া দরকার। তড়কা, ঘুগনি, রাজমা: ঘুগনি, রাজমা, কাবলি ছোলা, তড়কা রান্নার সময় অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করুন। কারণ, মটর, রাজমা একটু শক্ত হয়। সহজে সেদ্ধ হতে চায় না। প্রেশার কুকারে যেহেতু উচ্চ চাপ এবং বাষ্পশক্তিকে কাজে লাগিয়ে রান্না হয়, তাই অল্প সময়েই এতে রান্না হয়ে যায়। এঁচোড়, লাউ, লাউয়ের খোসা, পেঁপে: এঁচোড়, লাউ, লাউয়ের খোসা, পেঁপের মতো সব্জিগুলিও প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া যেতে পারে। সব্জি সেদ্ধ হয়ে গেলে বাকি রান্নাটি করতে অতটাও গ্যাস খরচ হবে না। রান্না হয়ে যাবে দ্রুত। আলুর দম হোক বা আলু-পেঁপের ডালনা, ডুমো করে কাটা সব্জি ব্যবহার করলে অবশ্যই সেগুলি প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। আবার আলু, পেঁয়াজ, রসুন, মশলা কষিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিলে প্রেশার কুকারেই কিন্তু আলুর দম রান্না হয়ে যাবে। মাংস: পাঁঠার মাংস রান্নার জন্য প্রেশার কুকারের ব্যবহার হয়ই। তবে মুরগির মাংসও কিন্তু প্রেশার কুকারে রাঁধা যেতে পারে। বিশেষত চিকেন স্ট্যু বানালে প্রেশার কুকারই বেছে নিন। ডুমো ডুমো করে কাটা সব্জি এতে চট করে সেদ্ধ হবে। রান্না করতেও খুব কম সময় লগাবে। দুটো সিটি দিলেই যথেষ্ট। তবে শুধু স্ট্যু নয়, প্রেশার কুকারেই মাংস-মশলা, পেঁয়াজ, আলু কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে মাংসের ঝোল বানাতে পারেন।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles