Sunday, March 15, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখ? বাদ পড়তে চলেছেন মনোজ তিওয়ারী সহ বেশ কয়েকজন বিধায়ক?‌

হাওড়ার শিবপুরের মনোজ তিওয়ারীকে নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। দলের মধ্যে কোন্দল সৃষ্টি থেকে বিভিন্ন তোলাবাজির অভিযোগও রয়েছে মনোজের বিরুদ্ধে। শেষমেশ প্রত্যাশামতি বাদ পড়তে চলেছেন প্রাক্তন ক্রিকেটার বলে সূত্রের খবর। ভোটের দিনক্ষণ ঘোষনা। শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত কাউন্টডাউন। এই আবহের মাঝেই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। কান পাতলেই শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রে শাসকদলের বড় চমক হতে চলেছে একঝাঁক তরুণ মুখ। ঘাসফুল শিবিরের অন্দরে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি চর্চা চলছে। জল্পনায় মোড়া সেই বহু প্রতীক্ষিত তালিকা। স্বপ্না বর্মন, তৃণাঙ্কুর, দেবাংশু ভট্টাচার্য, ইমন চক্রবর্ত্তীর মতো নতুন মুখ। বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে পারে এবং একঝাঁক নতুন মুখকে ভোটের ময়দানে নামাতে পারে দল। অন্যদিকে প্রার্থী নিয়ে দলের অন্দরে যাতে কোনও ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হয়, তার জন্য আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিতে শুরু করেছে ঘাসফুল শিবির। দলের একটি সূত্রের খবর, এবারের নির্বাচনে শাসক দল মূলত তারুণ্য এবং নতুন মুখের উপর জোর দিচ্ছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে পাহাড়ের তিনটি আসন ছেড়ে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করতে পারে বলে খবর। এই ২৯১টি আসনের সম্ভাব্য তালিকায় বয়স এবং পারফরম্যান্সের মাপকাঠিতে বর্তমান বিধায়কদের মধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ জনের টিকিট এবার কাটা যেতে পারে বলে জল্পনা। তাঁদের শূন্যস্থানে জায়গা পেতে পারেন দলের তরুণ ও যুব নেতারা। তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে চলেছেন বেশ কয়েকজন টলিউড তারকা, বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রার্থী হওয়া নিশ্চিত। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলিতে বেশিরভাগ তৃণমূল বিধায়কই টিকিট পাবেন। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও অধিকাংশ তৃণমূল বিধায়ক টিকিট পাচ্ছেন।

সম্ভাব্য এই নতুন মুখের তালিকায় বেশ কিছু পরিচিত ছাত্র ও যুব নেতার নাম উঠে আসছে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম এই মুহূর্তে জোর চর্চায় রয়েছে, যিনি উত্তর চব্বিশ পরগনার কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি, দলের আরেক পরিচিত যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, প্রাক্তন ছাত্রনেত্রী জয়া দত্ত এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তীর নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে বলে খবর। চমক হিসেবে থাকতে পারে সিপিএম ছেড়ে তৃণমূলে আসা প্রতিকুর রহমানের নামও। যুব নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন প্রাক্তন সাংসদকেও এবার বিধানসভার লড়াইয়ে দেখা যেতে পারে। প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সামিরুল ইসলামের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। পাশাপাশি, তৃণমূলের প্রার্থী তালিকায় বরাবরই বিনোদন ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিদের উপস্থিতি থাকে। এবারও টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা ইমন চক্রবর্তীর নাম প্রার্থী হিসেবে কান পাতলেই শোনা যাচ্ছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে শাসক দলের টিকিট পেতে পারেন বলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। এই নামগুলির পাশাপাশি কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষ, এন্টালির সন্দীপন সাহা এবং পূর্ব বর্ধমানের রামমোহন রায়ের মতো নেতাদের নামও প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

২০২৪ লোকসভা ভোটের মডেলে জেলার বড় নেতাদের প্রার্থী করা হবে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সংগঠনের পিছনে পরিশ্রম করা লড়াকুদের প্রার্থী করা হতে পারে। বিজেপি থেকে তৃণমূল আসা বিধায়কদের বেশিরভাগই টিকিট পাচ্ছেন। তবে এক-দুজনের কেন্দ্র বদল হতে পারে। গত দুটি বিধানসভা জেতা বিজেপির আসনগুলিতে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া হতে পারে। তৃণমূলের তালিকায় উত্তরবঙ্গে একাধিক চমক থাকতে চলেছে। নদিয়া, উত্তর ২৪ পরগণা ও মালদায় দাঁড়াতে পারেন জেলার বড় নেতারা। মতুয়া গড়ে প্রার্থী বাছাইয়ের আগে স্থানীয় বড় নামদের গুরুত্ব দেওয়া হয়েছে। বেহালা পশ্চিমে টিকিট পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী তথা সেখানকার পাঁচবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে কোনও স্থানীয় দাপুটে কাউন্সিলর টিকিট পেতে পারেন। বেহালা পশ্চিমে ফের রত্না চট্টোপাধ্য়ায়ের টিকিট পাওয়া নিশ্চিত। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলাস্তরের নেতাদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি। তৃণমূলের সবচেয়ে বড় চিন্তা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, ও দার্জিলিং নিয়ে। জলপাইগুড়ি, কোচবিহার, নদিয়া নিয়েও অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। তবে এরপরেও রাজ্যে টানা চতুর্থবার সরকার গড়তে আত্মবিশ্বাসী তৃণমূল।

প্রার্থী তালিকা নিয়ে যখন রাজ্যজুড়ে এমন জল্পনা, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুল প্রতীকই শেষ কথা বলবে। এই প্রচারের প্রেক্ষাপট নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়েছেন, দল প্রতিটি আসনে যাঁকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবে, তাঁকেই সকলের মেনে নিতে হবে। মূলত এই কড়া বার্তা দলের নিচুতলায় পৌঁছে দিতেই সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। অরূপ চক্রবর্তী বলেন, “ভুলে গেলে চলবে না, ঘাসফুলের প্রার্থী মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তাই এই বিষয় নিয়ে দলের কারও মধ্যে যেন বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব না থাকে।” নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কলকাতার ভবানীপুর কেন্দ্রে রবিবার সকালে প্রচার শুরু করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন। আত্মবিশ্বাসের সুরে ফিরহাদ হাকিম দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারও নেই এবং তিনি এবার ৫০ হাজারেরও বেশি ভোটে নিজের কেন্দ্র থেকে জয়লাভ করবেন।

শাসক দলের এই প্রচারকে কটাক্ষ করতে বিন্দুমাত্র দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্র নিয়ে প্রবল চাপে রয়েছে। তাঁর দাবি, গত বিধানসভায় নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়, তবে ভবানীপুরেও তাঁকে হারানো নিশ্চিতভাবেই সম্ভব। দিলীপ ঘোষের বক্তব্য, ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় 50 হাজারের কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে। আর সেই কারণেই শাসক দল ভয় পেয়ে আগেভাগে প্রচারে নেমেছে । তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “হয় তিনি কেন্দ্র পরিবর্তন করুন, আর না হলে হারের জন্য প্রস্তুত থাকুন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles